আনিষা চৌধুরী, কলকাতা: বিটরুট শুধু খাবারের স্বাদ ও রং বাড়াতেই নয়, পুষ্টিগুণের দিক থেকেও বেশ উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ পদার্থ এবং প্রাকৃতিক নাইট্রেট। বিটের লালচে-বেগুনি রঙের পিছনে রয়েছে বিটালাইন (Betalain) নামের প্রাকৃতিক রঞ্জক। এবার এই বিট (Beetroot) দিয়ে যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় গোলাপি লিপস্টিক (Lipstick), তাহলে মন্দ কী! চাইলে আপনিও বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন বিটরুট লিপস্টিক। দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।
বাড়িতে লিপস্টিক তৈরি করতে যা যা লাগবে:
- ২–৩ টেবিল চামচ তাজা বিটরুটের রস।
- ১ টেবিল চামচ বিওয়াক্স বা মোম অথবা ভ্যাসলিন।
- ১ টেবিল চামচ গ্লিসারিন।
- ১–২ ফোঁটা ভিটামিন E অয়েল।
কীভাবে তৈরি করবেন?
- প্রথমে একটি তাজা বিট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রস বের করে নিন।
- একটি প্যানে বিটের রস নিয়ে ২–৩ মিনিট গরম করুন। রস কিছুটা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।
- এবার একটি পরিষ্কার কাচের পাত্রে বিটের রস, মোম বা ভ্যাসলিন এবং গ্লিসারিন মিশিয়ে নিন। মোম ব্যবহার করলে সেটি ভালোভাবে গলিয়ে নিতে হবে।
- মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে তাতে ১–২ ফোঁটা ভিটামিন E অয়েল যোগ করুন।
- সব উপকরণ ভালোভাবে মিশে গেলে একটি পরিষ্কার ছোট কৌটোয় ঢেলে দিন। এবার অন্তত ৬ ঘণ্টা অথবা সারা রাত ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি জমে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া বিটরুট লিপস্টিক।
কীভাবে সংরক্ষণ করবেন?
যেহেতু এই লিপস্টিক তৈরিতে তাজা বিটের রস ব্যবহার করা হচ্ছে, তাই এটি বাজারের সংরক্ষণকারী উপাদানযুক্ত লিপস্টিকের মতো দীর্ঘদিন ভালো থাকবে না। পরিষ্কার ও শুকনো পাত্রে ভরে ফ্রিজে রাখুন। অল্প পরিমাণে তৈরি করাই ভালো এবং ২–৩ দিনের মধ্যে ব্যবহার করে ফেলুন। রং, গন্ধ বা টেক্সচারে কোনও পরিবর্তন হলে আর ব্যবহার করবেন না। প্রথমবার ঠোঁটে লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন। মনে রাখবেন, ভিটামিন E অয়েল অ্যান্টিঅক্সিড্যান্ট হলেও এটি নিজে কোনও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়। তাই শুধু এটি মেশালেই লিপস্টিক দীর্ঘদিন সুরক্ষিত থাকবে, এমনটা কিন্তু নয়।
আরও পড়ুন: পড়বে না চুল, হেয়ার ফল রুখতে আজই বদলান এই ৪ অভ্যাস
প্রসঙ্গত, বাজারের কিছু লাল রঙের লিপস্টিক তৈরিতে ব্যবহার করা হয় কারমাইন (Carmine) নামের একটি প্রাকৃতিক লাল রঞ্জক। এটি তৈরি হয় কোচিনিল (Cochineal) নামের এক ধরনের পোকা থেকে। পোকাগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে এই লাল রং সংগ্রহ করা হয়। কারও কারও ক্ষেত্রে এই কারমাইন থেকে অ্যালার্জি, চুলকানি বা ত্বকে প্রতিক্রিয়া হতে পারে। তাই বিটের মতো সবজির প্রাকৃতিক রঞ্জক ব্যবহার করে বাড়িতেই লিপস্টিক তৈরি করে নিলে এই ধরনের চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি টাকাও সাশ্রয় হয়।










