আর স্টেশন থেকে সংগ্রহ করতে হবে না পণ্য, ৮ শহরে বাড়ি বাড়ি পার্সেল পৌঁছে দেবে রেল

Published:

Rail Parcel App Ghar Se Ghar Tak

অনন্যা সরকার, কলকাতা: ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য (Rail Parcel) পাঠানো সাশ্রয়ী ও নিরাপদ হলেও, স্টেশনে যাওয়া ও নানারকম নথিপত্র সামলানোর মতো ঝক্কি অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে এবার ভারতীয় রেল (Indian Railways) ‘ঘর সে ঘর তাক’ পার্সেল সার্ভিস (Ghar Se Ghar Tak) চালু করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই পাইলট প্রকল্পে এসেছে  সাফল্য। তাই এখন এটিকে আরও বড় পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।

রেল আনছে ডোর-টু-ডোর পার্সেল পরিষেবা

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘রেল পার্সেল অ্যাপ – ঘর সে ঘর তাক’ (Rail Parcel App) নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং পুনের বাসিন্দারা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। একটি ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে কাজ করা এই রেলের অ্যাপটি গ্রাহকদের বিভিন্ন লজিস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত করবে। বুকিং থেকে শুরু করে পেমেন্ট—সবকিছুই অনলাইনে করা যাবে, ফলে স্টেশনে যাওয়ার বা প্রচলিত ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন থাকবে না।

এই ব্যবস্থার মাধ্যমে লজিস্টিক পার্টনাররা গ্রাহকের বাড়ি থেকে পণ্য সংগ্রহ করবেন এবং তা সরাসরি গন্তব্যে পৌঁছে দেবেন। এছাড়া তারা পণ্য প্যাকেজিংয়ের সুবিধাও দেবেন। শুরুর স্টেশন থেকে গন্তব্য স্টেশন পর্যন্ত ট্রেনে পণ্য পরিবহনের দায়িত্ব থাকবে ভারতীয় রেলের। রেলের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, যে ট্রেনে পণ্য পরিবহন করা হবে, সেই ট্রেনটি ছাড়ার ১৫ দিন আগে থেকে বুকিং শুরু হবে এবং যাত্রার আগের দিন পর্যন্ত তা চালু থাকবে। এমনকি, লজিস্টিক পার্টনাররা ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে পর্যন্ত রেলকর্মীদের কাছে পার্সেল হস্তান্তর করতে পারবেন। 

আরও পড়ুন: ‘গঙ্গার জল না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না’; ঘোষণা নাহিদ ইসলামের

তবে, পণ্য সংগ্রহের আগেই যদি কোনো বুকিং বাতিল করা হয়, তবে ১০ টাকা ‘ক্লারকেজ’ (clerkage) চার্জ কেটে নিয়ে রেলের ভাড়া ফেরত দেওয়া হবে। কিন্তু পিকআপ ও ডেলিভারি চার্জ ফেরত পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট লজিস্টিক পার্টনারের শর্তাবলির ওপর নির্ভর করবে। বুকিংয়ের সময় এই শর্তগুলি জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, দীপাবলি ও বড়দিনের আগে যেসব ব্যবসায়ী প্রচুর পরিমাণে পণ্য মজুত করছেন, তাদের স্বস্তি দিতে রেল বোর্ড পার্সেল কোচের ‘রাউন্ড-ট্রিপ’ ভাড়ায় ছাড় ঘোষণা করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এগ্রিগেটররা ওয়ান-ওয়ে ভাড়ার দেড় গুণ মূল্যে রাউন্ড-ট্রিপ বুক করতে পারবেন, যার ফলে মোট পরিবহন খরচে ২৫ শতাংশ সাশ্রয় হবে। এই সুবিধা শুধু পার্সেল কোচের রাউন্ড-ট্রিপ বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সাধারণ পার্সেল বুকিংয়ের ক্ষেত্রে নয়। ফলে, নির্দিষ্ট করে ব্যবসায়ীরাই এই বিশেষ ছাড়টি পাবেন, সাধারণ গ্রাহকরা নন।

google button