অনন্যা সরকার, কলকাতা: রান্নাঘরকে ধোঁয়া ও তেল-কালিমুক্ত রাখতে এক্সজস্ট ফ্যান (Exhaust Fan) খুবই কার্যকরী। তবে, এই ফ্যানগুলো পরিষ্কার করার বিষয়টি প্রায়শই অবহেলিত থেকে যায়। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে ফ্যানের গায়ে তেল ও গ্রিজের পুরু আস্তরণ জমে যাওয়ায়, তা পরিষ্কার করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে অনেকেই এগুলো খুলে ধোয়ার ঝামেলা এড়াতে চান। তখন বাইরে থেকে লোক ডেকে পরিষ্কার করাতে হয়। তবে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করার সহজ ও ঘরোয়া উপায় রয়েছে। শুধুমাত্র নারকেল তেল, গরম জল ও ডিটারজেন্ট ব্যবহার করে খুব দ্রুত এই জেদি তেল চিটচিটে ময়লা দূর করা সম্ভব। আসুন তাহলে পদ্ধতিটি বিশদে জেনে নেওয়া যাক।
তেলচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কারের সহজ উপায়
প্রথমে ফ্যানের মূল পাওয়ার সুইচটি বন্ধ করে করে সাবধানে ফ্যানের শাটার বা বাইরের ফ্রেমটি খুলে ফেলতে হবে। সামনের ক্যাপ বা অন্যান্য যে অংশগুলো আলাদা করা যায়, সেগুলোও খুলে নিতে হবে। যদি পুরো ফ্যান খোলা খুব কঠিন মনে হয়, তাহলে দেয়ালে লাগানো অবস্থাতেই কেবল ফ্যানের বাইরের অংশগুলো পরিষ্কার করে নিতে পারেন।
এরপর, কিছুটা তুলোকে নারকেল তেলে ভিজিয়ে নিতে হবে। তারপর ফ্যানের ব্লেড ও ফ্রেমের কিনারাগুলোতে ভালোভাবে এই তেল লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে। নারকেল তেল জমে থাকা তেল চিটচিটে ময়লা ও কালি ফ্যানের গা থেকে আলগা করতে সাহায্য করে। তেল লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিলে সহজেই তেল কালিগুলো পরিষ্কার করা যাবে।
আরও পড়ুন: ভোঁতা ছুরি এখন ধারালো করুন বাড়িতেই, মেনে চলুন ৫ ঘরোয়া টিপস
পরবর্তী ধাপে, একটি বড় পাত্রে জল গরম করে তাতে কিছুটা লন্ড্রি ডিটারজেন্ট এবং ড্রেন পরিষ্কার করার পাউডার মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ফ্যানের প্লাস্টিক ও ধাতব অংশের ওপর জমে থাকা পুরু তেলের আস্তরণ দ্রুত দূর করতে সাহায্য করে। খুলে রাখা শাটার ও প্লাস্টিকের অংশগুলো এই গরম মিশ্রণে অন্তত ৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। পাত্র ছোট হলে পার্টস গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এতে গ্রিজ বা তেল নরম হয়ে জলের ওপর ভেসে উঠবে।
৫ মিনিট পর এক্সজস্ট ফ্যানের খুলে রাখা অংশগুলো তুলে নিয়ে একটি পুরোনো টুথব্রাশ দিয়ে গ্রিল ও কোণগুলো আলতো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। সবশেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ও শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলতে হবে। তবে মনে রাখবেন, ড্রেন পরিষ্কার করার পাউডার ক্ষয়কারী (corrosive)। এটি ত্বকের জন্য ক্ষতিকারক। তাই ব্যবহারের সময় রাবারের গ্লাভস ও চোখের সুরক্ষার জন্য চশমা পরুন, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন ও প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলি মেনে চলুন।










