প্রেসার কুকারের জেদি দাগ তোলার সহজ উপায়

Published:

Removing Stubborn Stains From Pressure Cooker

অনন্যা সরকার, কলকাতা: বেশিরভাগ বাড়িতেই রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল প্রেসার কুকার (Pressure Cooker)। তবে নিত্যদিন ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে প্রেসার কুকারে দাগ পড়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার। কখনও কখনও খাবার পাত্রের তলায় লেগে যায়, আবার কখনও জল ও গ্যাসের তাপে কুকারের ওপর কালো-সাদা দাগ ধরে যায়। কখনও কখনও, সাধারণ সাবান ও স্ক্রাবার দিয়ে পরিষ্কার করার পরেও এই দাগগুলো পুরোপুরি ওঠে না। এমন ক্ষেত্রে, অনেকেই কুকারটি বারবার জোরে জোরে ঘষে দাগ তোলার চেষ্টা করেন, যা সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য। তবে, কিছু সহজ ঘরোয়া উপায় রয়েছে, যা নিমেষে প্রেসার কুকারের দাগ দূর করতে পারে। চলুন এগুলি জেনে নেওয়া যাক।  

প্রেসার কুকারের দাগ তোলার উপায়

ভালোভাবে পরিষ্কার করলে, বিশেষ করে স্টেইনলেস স্টিলের কুকারের ক্ষেত্রে, এর আগের উজ্জ্বলতা ফিরে আসতে পারে। তবে, পরিষ্কার করার পদ্ধতি কুকারের ধরন ও দাগের ধরনের ওপর নির্ভর করছে। খুব জোরে স্ক্রাবার ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি কুকারের বাইরের অংশের ক্ষতি করতে পারে। তার বদলে কিছু ঘরোয়া উপকরণ প্রয়োগ করে আলতো হাতে পরিষ্কার করলে কাজ হতে পারে। 

বেকিং সোডা

যদি খাবার পুড়ে কুকারের ভেতরে লেগে যায়, তবে বেকিং সোডা একটি  কার্যকরী উপাদান হতে পারে। প্রথমে, পোড়া অংশটি সম্পূর্ণ ডুবে যায় এমন পরিমাণ জল দিয়ে কুকারে ভরতে হবে। তার মধ্যে এক থেকে দুই চা চামচ বেকিং সোডা যোগ করে কয়েক মিনিটের জন্য উনুনে গরম করতে হবে। এরপর আঁচ বন্ধ করে ভিতরের জলটি ঠান্ডা হতে দিতে হবে। পোড়া জায়গায় আটকে থাকা খাবার আলগা হয়ে আসলে একটি নরম স্পঞ্জ দিয়ে আলতো করে পরিষ্কার করতে হবে। প্রথমবারে দাগ না উঠলে, প্রক্রিয়াটি আবার করুন

আরও পড়ুন: ৬ মাসেই আবর্জনার পাহাড় থেকে বানালেন ৪০০ কোটির সম্পদ, বিশেষ উদ্যোগ IAS আশিসের

ভিনেগার

কুকারের বাইরের বা ভেতরের অংশে প্রায়শই জলে থাকা খনিজ পদার্থের কারণে সাদা দাগ দেখা যায়। এই দাগগুলো হোয়াইট ভিনেগার ও জল ব্যবহার করে সহজেই পরিষ্কার করা যায়। এক ভাগ ভিনেগারের সাথে দুই ভাগ জল মিশিয়ে দাগযুক্ত জায়গায় লাগাতে হবে। কয়েক মিনিট রেখে দেওয়ার পর একটি নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে নিতে হবে জায়গাটা। ভিনেগার যেন ভালোভাবে ধুয়ে যায়, তা নিশ্চিত করতে পরে পরিষ্কার জল দিয়ে কুকারটি ভালোভাবে ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন: দুর্গাপুরে ছাত্রী গড়লেন নজির, ড. বি. সি. রায় পলিটেকনিকের প্রাক্তনী সুযোগ পেলেন ISRO-এ

লেবু ও নুনের মিশ্রণ

যদি কুকারের গায়ে হালকা দাগ বা তেলচিটে জমে থাকে, তবে লেবু ও নুনের মিশ্রণ একটি চমৎকার প্রতিকার। তেলচিটে জায়গায় লেবুর রস লাগিয়ে, তার ওপরে কিছুটা নুন ছিটিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। তারপর, একটি নরম স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে ধুয়ে নিতে হবে। লেবুর অম্লীয় প্রকৃতি তেলচিটে ও কিছু জেদি দাগ আলগা করতে সাহায্য করে।

তবে, সব দাগের জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় না। যদি প্রেসার কুকারে শুধু তেলচিটে বা সাধারণ ময়লা জমে, তবে গরম জলে সামান্য বাসন ধোয়ার তরল সাবান মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে একটি নরম স্ক্রাবিং প্যাড দিয়ে পরিষ্কার করলেই দাগ তুলে ফেলা সম্ভব।

google button