অনন্যা সরকার, কলকাতা: এখন প্রতিদিনই অল্পবিস্তর বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গে। তবে আবহাওয়া যাই হোক ঘরে তো আর বসে থাকা যায় না। জরুরি কাজ ও বিভিন্ন প্রয়োজনে বাড়ি থেকে বেরোতেই হচ্ছে, আর জল-কাদাতেও পা রাখতে হচ্ছে। এই বর্ষায় (Monsoon) জুতো ভিজে (Wet Shoes) যাওয়া একটা বড় সমস্যা। বর্ষার জন্য উপযুক্ত জুতো ভুল করে পরে না বেরোলেই বিপদ। ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় রোদ ও আর্দ্রতার অভাবে জুতো দিনের পর দিন ভেজা থাকে, যার ফলে এতে দুর্গন্ধের সৃষ্টি হয়। এছাড়া ভেজা জুতো পড়লে পায়ে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আপনার জন্য রইলো পাঁচটি সহজ ঘরোয়া টিপস, যা দ্রুত জুতো শুকাতে সাহায্য করবে।
১. আগেই জল ঝড়ান
অনেকেই ভেজা জুতো সরাসরি বাতাস চলাচল করে এমন জায়গায় বা হিটারের ওপর রেখে দেন। কিন্তু এমনটা করার আগে জুতো থেকে সমস্ত জল ঝরিয়ে দেওয়া উচিত। এর জন্য, জুতোকে হালকা করে নিংড়ে বা হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব ততটা জল বের করে দিতে হবে। যদি জুতোয় ফিতে লাগানো থাকে, তাহলে সেটাও খুলে পাশে শুকাতে দিন।
আরও পড়ুন: রাহু-কেতুর রাশি পরিবর্তনে ভয়ঙ্কর প্রভাব এই চার রাশির জীবনে, বাঁচতে কী করবেন জানুন
২. পাখার নীচে রাখুন
বর্ষায় বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকায়, সূর্যের আলো খুবই কম পাওয়া যায়। তাই, জুতো শুকানোর জন্য পাখার তলায় রাখাই ভালো। জুতোকে ক্রমাগত বাতাসের সংস্পর্শে রাখলে, তা থেকে আর্দ্রতা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়, ফলে জুতো দ্রুত শুকায়। কখনই ভেজা জুতো বদ্ধ শু ক্যাবিনেটে বা আবদ্ধ জায়গায় রাখবেন না। পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে ব্যাকটেরিয়া বাসা বেঁধে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
৩. হেয়ার ড্রায়ার ব্যবহার করুন
জুতা শুকানোর জন্য হাতে সময় কম থাকলে ব্যবহার করতে পারেন হেয়ার ড্রায়ার। এর জন্য হেয়ার ড্রায়ারের গরম হওয়ার মোডটি ব্যবহার করতে হবে। তবে এটাও খেয়াল রাখবেন বাতাসের তাপমাত্রা যেন খুব বেশি না হয়, নাহলে জুতোর কাপড় ও পেস্টিং নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন: বাড়িতে বসে মাত্র ১০ টাকায় বানিয়ে নিন বার্থ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি
৪. খবরের কাগজ ব্যবহার করুন
বাড়িতে খবরের কাগজ সহজেই মেলে, এটির সাহায্যে জুতোর ভেতরের আর্দ্রতা অনেকটা কমানো যায়। কাগজের ছোট ছোট টুকরো করে ছিঁড়ে জুতোর ভেতরে রাখুন। এটি আর্দ্রতা শোষণ করে জুতোকে দ্রুত শুকাতে সাহায্য করবে। কাগজ ভেজা লাগলে কিছুক্ষন অন্তর পাল্টে দিন।
৫. সিলিকা জেল দিয়ে রাখুন
জুতা শুকানো রাখতে সিলিকা জেল একটি ভালো বিকল্প। যদি বাড়িতে সিলিকা জেলের প্যাকেট থাকে, তবে সেগুলি আপনার জুতোর ভিতরে রেখে দিন। এটি আর্দ্রতা কমানোর কাজেই ব্যবহৃত হয়। এছাড়া, একটি কাপড়ে সামান্য নুন বেঁধে জুতোর ভিতরে রাখতে পারেন। এটিও আর্দ্রতা শুকাতে সাহায্য করে।










