আনিষা চৌধুরী, কলকাতা: বর্ষাকাল মানেই বাঙালির রান্নাঘরে ইলিশের (Ilish) আনাগোনা। গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ হোক কিংবা ভাজা ইলিশ, পাতে এই এক পিস মাছ থাকলে ছেলেটা দ্বিগুণ হয়ে যায়। তাই বর্ষা শুরু হলেই বাজারে মাছের রাজার চাহিদাও বেড়ে যায়। কিন্তু মাছ কিনতে গিয়ে অনেক পাকাপোক্ত মানুষও বোকা বনে যান। দেখতে প্রায় একই রকম হওয়ায় কোনটি আসল ইলিশ আর কোনটি অন্য মাছ, তা বোঝা সবসময় সহজ নয়। বিক্রেতার কথায় ভরসা করে ভুল মাছ কিনে ফেললে পরে আফসোসের সীমা থাকে না। তবে কয়েকটি সাধারণ লক্ষণ দেখেই খাঁটি ইলিশ চিনে নেওয়া সম্ভব।
গন্ধ ও মাছের শারীরিক গঠন
শুনতে অদ্ভুত লাগলেও আসল ইলিশের শরীরে একটি বিশেষ ধরনের মিষ্টি গন্ধ থাকে। মাছটি কাছে নিয়ে গন্ধ শুঁকলেই সেই গন্ধ পাওয়া যায়। পাশাপাশি মাছের গঠনও খেয়াল করুন। ইলিশের পেটের দিকটা তুলনামূলক চ্যাপ্টা, পিঠ সামান্য উঁচু এবং মাথা ছোট ও কিছুটা সূচালো হয়। লেজ সাধারণত সরু ও ধারালো ধরনের হয়ে থাকে। মাছের পেট আলতো করে চেপে দেখলেও কিছুটা ধারণা পাওয়া যায়। তাজা ইলিশের পেট তুলনামূলক নরম থাকে, খুব শক্ত বা অস্বাভাবিক মোটা মনে হলে সেই ইলিশ না কেনাই ভালো।
পাখনাতেও রয়েছে চেনার সূত্র
আসল ইলিশের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য তার রুপোলি রং ও ঝকঝকে শরীর। মাছটি দেখতে উজ্জ্বল ও চকচকে হবে। অন্যদিক অন্যান কিছু মাছ প্রায় একই রকম দেখতে হলেও তাদের গায়ে সেই স্বাভাবিক রুপোলি উজ্জ্বলতা নাও থাকতে পারে। ইলিশের পাখনা ও লেজও খেয়াল করুন। শরীরের সঙ্গে মানানসই পাখনা এবং লেজের স্বাভাবিক গঠন দেখলেই আপনি আসল এবং নকলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। মাছের কাঁটা সাধারণত সূক্ষ্ম ও ঘন হয়।
আরও পড়ুন: ‘আমরা যাদবপুরে ঢুকব না, কিন্তু দেশবিরোধী স্লোগান দিলে’ কড়া হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের
দাম-ওজন মিলিয়ে তারপর কিনুন
ইলিশ কেনার সময় শুধু চেহারা নয়, দাম এবং ওজনের দিকটিও মাথায় রাখা দরকার। বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামে বড় মাছ পাওয়া গেলে একটু যাচাই করে নেওয়াই ভালো। পদ্মা, মেঘনা বা গঙ্গার ইলিশ নিয়ে ক্রেতাদের আলাদা আগ্রহ থাকলেও মাছ কেনার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কেনা। তাই বাজারে গিয়ে তাড়াহুড়ো করে কিছু একটা কিনে নিলে কিন্তু বিপদে পড়বেন। ভালো ইলিশ খেতে গেলে গন্ধ, গঠন, রং এবং দামের মতো কয়েকটি বিষয় মিলিয়ে দেখুন। তাহলেই পছন্দের ইলিশটা কিনে বাড়ি ফিরতে পারবেন, নকল মাছ কিনে আফসোস করতে হবে না।









