বর্ষায় বাড়ির উঠোন থেকে সহজেই শ্যাওলা দূর করার উপায়

Published:

Moss Cleaning

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকালে হাজার রকমের সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হল শ্যাওলা (Moss) জমা। একটানা বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ও উঠোন ও চলাচলের জায়গায় পিচ্ছিল শ্যাওলা জমে। ভরা বর্ষায় উঠোনে জমে থাকা শ্যাওলার ওপর পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও প্রবল হয়। বৃষ্টি থামানোর ক্ষমতা আমাদের নেই, তবে এই শ্যাওলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করাই যায়। শ্যাওলা দূর করার জন্য রাসায়নিক পদার্থ দিয়ে দৈহিক কসরত করে ঘষার দরকার নেই। কয়েকটি প্রাকৃতিক ও সহজ পদ্ধতি ব্যবহার করে এই শ্যাওলা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্যাওলা দূর করার উপায়গুলি (Cleaning Hacks)। 

সাদা ভিনেগার

এটি শ্যাওলা তোলার জন্য খুবই কার্যকরী একটি উপাদান। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা শ্যাওলার বৃদ্ধি রোধ করে। তাই শ্যাওলা দূর করতে সমপরিমাণ ভিনেগার ও জল মিশিয়ে একটি স্প্রে বোতলে রেখে দিন। যেখানে শ্যাওলা জমেছে সেখানে স্প্রে করুন। এক ঘণ্টা রেখে তারপর একটি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ভিনিগার ও জলের মিশ্রণ দিয় দেয়াল, টাইলস ইত্যাদিও পরিষ্কার করা যায়। 

বেকিং সোডা ও জলের মিশ্রণ

এই দুইয়ের মিশ্রণও শ্যাওলা দূর করতে পারেন।  এটি শ্যাওলাকে আলগা করে এবং তা সরানো সহজ করে তোলে। ছত্রাক-রোধী গুণের কারণে এই মিশ্রণ শ্যাওলার পুনরায় জন্মানোও প্রতিরোধ করে। সামান্য জলের সাথে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। যেখানে শ্যাওলা জমেছে, সেখানে এটি লাগাতে হবে। ৩০ মিনিটের জন্য রেখে একটি ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই শ্যাওলা ভ্যানিশ। দেয়াল এবং টাইলসেও এটি ব্যবহার করা যায়।

আরও পড়ুন: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র? জানিয়ে দিল সরকার

লেবুর রস ও নুন

লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা জমে থাকা শ্যাওলা সহজেই দূর করতে পারে। সরাসরি শ্যাওলার ওপর লবণ ছড়িয়ে দিন এবং লেবুর টুকরো দিয়ে ঘষুন। ১৫ মিনিটের জন্য রেখে একটি স্ক্রাব বা ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

হাইড্রোজেন পারক্সাইড

বাড়িতে যদি হাইড্রোজেন পারক্সাইড থাকে, তাহলে তা শ্যাওলার ওপর স্প্রে করুন এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এগুলি প্রয়োগ করলে উঠোন বর্ষাতেও ঝকঝক করবে ও শ্যাওলার সমস্ত পিচ্ছিলভাব দূর হয়ে যাবে।