২২,৪৫০ থেকে ৫৭ হাজার! অষ্টম পে কমিশনের পেনশন নিয়ে বড় খবর

Published:

8th pay commission pension

আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি (Central Government) পেনশনভোগীদের মধ্যে এখন অন্যতম বড় আলোচনার বিষয় হল অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বিশেষ করে অবসরের পর মাসিক পেনশন (Pension) কতটা বাড়তে পারে, তা নিয়ে নানা রকমের হিসাব নিকাস ইতিমধ্যে সামনে এসেছে। এর মধ্যেই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে লেভেল-৭-এর ক্ষেত্রে প্রায় ৫৭,৬৯৭ টাকা পেনশনের একটি হিসাব ঘুরছে। অর্থাৎ বর্তমানে ২২,৪৫০ টাকা পেনশন পাওয়া কোন ব্যক্তি ভবিষ্যতে প্রায় ৫৮ হাজার টাকা পেতে পারেন, এমনই অনুমান করা হচ্ছে। তবে এই গননাকে একেবারেই চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না। কারণ এখনও পর্যন্ত সরকার এই পেনশনের বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি।

কমিশনের বৈঠকে নজর পেনশনভোগীদের

কেন্দ্র ৩ নভেম্বর ২০২৫ সালে ৮তম বেতন কমিশন গঠন করে। এর নেতৃত্বে রয়েছেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত যাবতীয় পরিবর্তন নিয়ে কমিশনকে সুপারিশ দিতে হয়। রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিশনের হাতে মোট সময় রয়েছে ১৮ মাস। সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই বর্তমানে বিভিন্ন জায়গায় বৈঠক চলছে। চেন্নাইয়ের পর ৯ সেপ্টেম্বর পুদুচেরি, ১৬ সেপ্টেম্বর চণ্ডীগড় এবং ৭ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে বৈঠকের প্রস্তাব রয়েছে। ফলে পেনশন সংক্রান্ত দাবিগুলিও যে ফের আলোচনায় আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

কী চাইছেন কর্মী-পেনশনভোগীরা?

পেনশন ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে বিভিন্ন সংগঠন নিজেদের প্রস্তাব জানিয়েছে। কিছু সংগঠন পুরনো পেনশন ব্যবস্থার আওতায় থেকে শেষ বেতনের ৫০ শতাংশের পরিবর্তে ৬৭ শতাংশ পেনশন দাবি করেছে। পাশাপাশি পারিবারিক পেনশন বাড়িয়ে শেষ বেতনের ৫০ শতাংশ করা এবং নাগরিক পেনশনভোগীদের জন্য ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর দাবিও করেছে। তবে এগুলি সম্পূর্ণভাবে সংগঠনগুলির দাবি, এসব সরকারি সিদ্ধান্ত নয়।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো, দাসপুরের গ্রামে ৫০ মহিলার উদ্যোগে প্রথমবার দেবীবরণ

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে ২২,৪৫০ টাকার পেনশন গুণ করলেই প্রায় ৫৭,৬৯৭ টাকার অঙ্ক পাওয়া যায়। সপ্তম বেতন কমিশনেও ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ছিল বলেই এবারও এই সংখ্যাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও ২.১৫, ২.২৮ থেকে শুরু করে ৩.৮ বা তার বেশি ফ্যাক্টরের দাবিও রয়েছে। তাই এখনই ৫৭ হাজার টাকা পেনশন নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না। ৮ম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রের অনুমোদনের পরেই টেনশনের প্রকৃত ছবিটি জনগণের কাছে স্পষ্ট হবে।