অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো, দাসপুরের গ্রামে ৫০ মহিলার উদ্যোগে প্রথমবার দেবীবরণ

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকায় হবে এবার মা দুর্গার পুজো, দাসপুরে প্রথমবার মহিলাদের এই উদ্যোগকে ঘিরে ব্যাপক খুশির পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, রাজ্য সরকারের দেওয়া অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা (Annapurna Yojana Money) দিয়ে দাসপুর (Daspur) গ্রামে ধুমধাম করে হতে চলেছে পুজো। আর সেই উপলক্ষে গত শুক্রবার খুঁটিপুজোও হয়ে গেল এলাকায়। ব্যাপক খুশি বাচ্চা থেকে বুড়ো সকলে।

অন্নপূর্ণার টাকায় হবে দুর্গাপুজো

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের আনন্দগড় গ্রামে আগে কোনোদিন দুর্গাপুজো হয়নি। এদিকে আশেপাশের গ্রামগুলিতে ধুমধাম করে পুজো হত, তাতেই মন খারাপ হত এই গ্রামের মানুষদের। আসলে আর্থিকভাবে পিছিয়ে থাকায় দুর্গাপুজো হয়নি। কিন্তু এবার সরকার বদল হতেই নতুন চমক আনল এই গ্রাম। রাজ্য সরকারের জারি করা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে গ্রামের মহিলারাই দুর্গাপুজো করার জন্য উদ্যোগী হন। জানা গিয়েছে, গ্রামের ৫০ জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান। তাঁরাই একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

মহিলাদের পাশাপাশি এগিয়ে এসেছেন পুরুষেরা

দুর্গাপুজোর জন্য প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। সেক্ষেত্রে ৫০ জন মহিলা প্রত্যেকে ৩ হাজার টাকা করে দিলে দাঁড়াচ্ছে দেড় লক্ষ টাকা। এছাড়াও আশপাশের অনেক মহিলাও তাঁদেরও পুজোর জন্য একমাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার জন্য এগিয়ে এসেছে। তবে শুধু মহিলারা নয়, সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুরুষরাও। সেই অনুযায়ী গত শুক্রবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ঢাক ঢোল পিটিয়ে খুঁটিপুজোও সম্পন্ন হয়েছে। মহিলাদের এই প্রবল উৎসাহ দেখে সকলেই বেশ প্রশংসা করছে।

আরও পড়ুন: গ্রেফতার করতে পারবে না পুলিস! মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

গ্রামে প্রথমবার দুর্গাপুজো হওয়ার খবর শুনে এলাকার বিধায়ক শীতল কপাট বলেন, “তাঁদের প্রত্যেকের সংসারেই টান রয়েছে। হাতখরচের জন্যই সরকার ভাবে। তবুও সেই টাকা, শ্রম দিয়ে পুজো তাঁরা করছেন। তাঁদের উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি।” গ্রামের এক গৃহবধূ জানিয়েছেন, “অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে আমরা মহিলারা সবাই মিলে পুজো করব। অন্নপূর্ণার ৩ হাজারেই প্রথমবার গ্রামে বাজবে পুজোর ঢাক। হবে মা দুর্গার আরাধনা।”