গ্রেফতার করতে পারবে না পুলিস! মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

Published:

Mahua Moitra

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় খবর, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা এবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুধু তাই নয়, হাইকোর্টের তরফে এই মামলায় কৃষ্ণনগর আদালতের অন্য নির্দেশগুলিও (Mahua Moitra Court Case) বাতিল করা হয়েছে। ব্যাপক স্বস্তির মুখে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ। জানা গিয়েছে আজ, সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাঁদের নির্দেশে এই মামলাটি স্থানান্তরিত করা হয়েছে বিধাননগর এমপি-এমএলএ বিশেষ আদালতে।

গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল হাইকোর্ট

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। শুধু তাই নয়, মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতে মহুয়ার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করেছিলেন। আর এই মামলায় কৃষ্ণনগর আদালত সাংসদকে একাধিক বার সমন পাঠালেও সাংসদ হাজিরা দেননি। আর তার পরেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্ত আজ সেই গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল হাইকোর্ট।

মামলা হস্তান্তর এমপি-এমএলএ বিশেষ আদালতে

সূত্রের খবর আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে মহুয়া মৈত্রের এই মামলার শুনানি শুরু হতেই সাংসদের আইনজীবী অর্ক নাগ প্রশ্ন করেছিলেন যে, মহুয়া সাংসদ। তাই তাঁর বিরুদ্ধে মামলা কৃষ্ণনগর আদালতের শোনার এক্তিয়ার আছে কি না, কারণ সাংসদ হওয়ায় তাঁর মামলার শুনানি হওয়ার কথা এমপি-এমএলএ কোর্টে। এরপরই উচ্চ আদালত এই মামলাটি স্থানান্তরিত করে বিধাননগর এমপি-এমএলএ বিশেষ আদালতে পাঠিয়েছে। তাই স্বাভাবিকভাবে হাই কোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তিতে মহুয়া।

আরও পড়ুন: জেলে শিক্ষক, মুক্তির দাবিতে দিনহাটায় পথ অবরোধ স্কুল পড়ুয়াদের, অভিযোগ কী?

প্রসঙ্গত কিছু দিন আগে নদিয়ার সার্কিট হাউস নিয়ে চরম অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ ছিল, রাতে আচমকা তাঁকে সার্কিট হাউস ছেড়ে দিতে বলা হয়। আর সেই সময় নাকি বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ওই ভয়ংকর রাতের কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। এমনকি চিঠি দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকেও। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন মহুয়া।