দেশের বাজারে কমতে পারে সোনা, রুপোর দাম! বিরাট সিদ্ধান্ত সরকারের

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: এই বছরের শুরু থেকেই সোনা, রুপোর দাম (Gold Price) যেন একেবারে লাগামছাড়া বাড়ছে। মাঝে তো একেবারে রেকর্ড স্পর্শ করে ২ লক্ষের গণ্ডি টপকে দিয়েছিল। এমনকি রুপো প্রায় ৪ লক্ষ ছুঁয়ে দিয়েছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীকে এক বছর সোনা, রুপো কিনতে নিষেধ করেছেন। আর সেই আবহে এবার সরকার এমন এক সিদ্ধান্ত নিল, যার কারণে অনেকটাই কমতে পারে সোনা, রুপোর দাম। ফলে ভবিষ্যতে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফুটতে পারে।

সোনা, রুপোর দাম নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের

আসলে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সোনা এবং রুপোর আমদানির বেস প্রাইস বা ভিত্তি মূল্য অনেকটাই কমানো হয়েছে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এবার ১০ গ্রাম সোনার বেস প্রাইস ৮০ ডলার কমানো হয়েছে এবং এখন তা হয়েছে মাত্র ১৩৪৩ ডলার। অন্যদিকে প্রতি কেজি রুপোর বেস প্রাইস কমানো হয়েছে ২৭৩ ডলার, এবং এখন দাঁড়িয়েছে ২৯২ ডলার। পরিসংখ্যান বলছে, বেস প্রাইস কমলে দেশের বাজারে সোনা এবং রুপোর দাম অনেকটাই কমে।

এবার মনে প্রশ্ন আসতেই পারে যে কী এই বেস প্রাইস? সহজ ভাষায় বলতে গেলে, সোনা এবং রুপোর জন্য সরকার যে আমদানি দর নির্ধারণ করে অর্থাৎ যার উপর কর আরোপ করা হয়। যখন কোনও ব্যবসায়ী বিদেশ থেকে এদেশে সোনা কিংবা রুপো আমদানি করে আনেন তখন তার উপর কর আরোপ করা হয়। সেই করকেই বেস প্রাইস বলা হয়। যদি এই বেস প্রাইস না থাকে তাহলে এই মূল্যবান ধাতুর কালোবাজারি বাড়ে। এমনকি ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়েই নিজেদের ইচ্ছেমতো সোনা, রুপোর দাম নির্ধারণ করে থাকে, এবং সাধারণ মানুষ বিপাকে পড়ে। সেই কারণে এই বেস প্রাইসের উপর ভিত্তি করেই দাম আপডেট করা হয়।

কিন্তু এখন যদি বেস প্রাইস কমে তাহলে আমদানি খরচ অনেকটাই কমে যেতে পারে। যার কারণে দেশের বাজারে তলানিতে ঠেকতে পারে সোনা, রুপোর দাম। এমনকি আন্তর্জাতিক মূল্যে যদি তারতম্য হয় তাহলে গয়না ব্যবসায়ী বা পায়কাররা কম আমদানি খরচের সুবিধা পাবে, যা দেশের বাজারে কিছুটা স্বস্তি দেবে। এমনকি খরচ কমলে ব্যবসায়ীদের মধ্যে সোনা, রুপোর চাহিদা বাড়বে। যার কারণে বিয়ের মরসুম বা উৎসবের মরসুমে সাধারণ ক্রেতারা উপকৃত হবে। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আদৌ এই বেস প্রাইসের প্রভাব দেশের সোনার বাজারে পড়বে কিনা।

আরও পড়ুন: গঙ্গার নিচ দিয়ে চলবে গাড়ি! ৮০০০ কোটি খরচ করে টানেল তৈরি করবে রাজ্য সরকার

আজ সোনা, রুপোর বাজার দর

রিপোর্ট বলছে, আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৯ হাজার ২০০ টাকা প্রতি ১০ গ্রাম, যা গতকালের থেকে ১৮০০ টাকা কম। তবে ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে আজ পড়বে ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা। কিন্তু গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ দাম কমেছে ১৯০০ টাকা। পাশাপাশি যদি রুপো কিনতে চান তাহলে প্রতি কেজির দাম পড়বে আজ ২ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা, যা গতকালের থেকে ১০৫০ টাকা কম।