আনিষা চৌধুরী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে ফের ১০০ ডলার প্রতি ব্যারেলের গণ্ডি পেরিয়েছে ব্রেন্ট ক্রুড। এর ফলস্বরূপ ভারতের সরকারি তেল সংস্থাগুলির খরচের চাপ রীতিমতো আকাশ ছুঁয়েছে। আপাতত পেট্রোল-ডিজেলের বাজারদরের (Petrol-Diesel Price) কোনও পরিবর্তন করা হয়নি। তবে বর্তমান দামের তুলনায় হিসাব করলে পেট্রোলে প্রতি লিটারে প্রায় ৫ টাকা এবং ডিজেলে প্রায় ২৩ টাকা করে ঘাটতি হচ্ছে বলে জানিয়েছে ICRA। রান্নার গ্যাসেও প্রতি সিলিন্ডারে প্রায় ২০০ টাকা অন্ডার-রিকভারি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কিছুদিন যদি এমনই থাকে, তাহলে পরিস্থিতি সামলানো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
কেন বাড়ছে তেলের দাম?
আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত বাড়ায় পশ্চিম এশিয়ায় তেল সরবরাহ নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রভাবেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে ১০০ ডলারের উপরে উঠেছে। এমনকি WTI-র দামও প্রায় ২ শতাংশ বেড়ে ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অপরিশোধিত তেলের যতটা চাহিদা তার অধিকাংশ তেলই ভারতকে বিদেশ থেকে কিনতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম দীর্ঘদিন বেশি থাকলে দেশের আমদানি খরচ বাড়ার পাশাপাশি বাণিজ্যতেও যে ভাল মতোই প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।
পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যানালাইসিস সেল (Petroleum Planning and Analysis Cell)-এর তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ভারতীয় তেল ঝুড়ির গড় দাম ছিল ১০৮.৯১ ডলার প্রতি ব্যারেল। সেপ্টেম্বরে এখনও পর্যন্ত গড় দাম ১০২.১১ ডলার। এর আগে আগস্টে এই গড় ছিল ৯০.১৯ ডলার। এর পাশাপাশি এই বছর এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে অপরিশোধিত তেল আমদানিতে ভারতের খরচ বেড়ে ৬৩.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এক বছর আগে ছিল প্রায় ৪০.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ তেলের দাম বাড়ার প্রভাব দেশের আমদানি খরচেও ভীষণভাবে স্পষ্ট।
আরও পড়ুন: পুলিশের ডিউটির ফাঁকে সবুজের সাধনা, ১০ হাজারের বেশি গাছ লাগিয়ে নজির ASI নিশীথ বিশ্বাসের
শেষবার ২৫ মে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে, তাহলে তেল সংস্থাগুলিকে নিজেদের উপরেই চাপ নিতে হতে পারে। প্রয়োজনে কর বা অন্যান্য ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার বিষয়ও তাঁরা ভেবে দেখতে পারেন। আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বাড়তি খরচের কিছুটা ধাপে ধাপে ক্রেতাদের উপরও পড়তে পারে। তবে এই মুহূর্তেই যে দাম বাড়তে পারে এমনটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।









