আনিষা চৌধুরী, কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) নিয়োগ প্রক্রিয়া (Recruitment) নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার (West Bengal Government)। কলকাতা পুলিশের মোট ৫৮৯৩টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (Department of Home and Hill Affairs) তরফে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। প্রকাশিত সরকারি নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
রাজ্যপালের অনুমোদনে শুরু হচ্ছে প্রস্তুতি
প্রকাশিত নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণের বিষয়টি বিবেচনাধীন ছিল। কলকাতা পুলিশের কমিশনারের তরফে এই শূন্যপদগুলি পূরণের প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। পুলিশের কাজকর্ম যাতে সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করা যায়, সেই উদ্দেশ্যেই বিভিন্ন পদে সরাসরি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বিবেচনার পর রাজ্যপাল এই নিয়োগের জন্য অনুমোদন দিয়েছেন বলে সরকারি নির্দেশে উল্লেখ রয়েছে।

সরকারি নির্দেশে পদ অনুযায়ী শূন্যপদের যে হিসাব দেওয়া হয়েছে, তাতে ৭টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব-ইনস্পেক্টর পদ, ১টি সশস্ত্র বিভাগের সাব-ইনস্পেক্টর পদ এবং ৭০টি সাব-ইনস্পেক্ট্রেস পদ রয়েছে। অর্থাৎ, এই চারটি বিভাগ মিলিয়ে মোট ৫০৩টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্লাসপিছু একজনই শিক্ষক, পড়ুয়াদের উন্নতিতে ইনক্রিমেন্ট! বড় সিদ্ধান্তের পথে সরকার
এছাড়া, কনস্টেবল পদে ৪৩১৯টি এবং লেডি কনস্টেবল পদে ৪৩০টি শূন্যপদ পূরণের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদ মিলিয়েই মোট ৪৭৪৯টি পদে নিয়োগ করা হবে। সব পদ মিলিয়ে শূন্যপদের সংখ্যা দাঁড়াচ্ছে ৫৮৯৩। প্রকাশিত নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের মাধ্যমে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হবে।
এই নির্দেশে অনুযায়ী, নিয়োগের প্রস্তাবে রাজ্যের অর্থ দফতরের সম্মতি রয়েছে এবং পরবর্তী সময়ে মন্ত্রিসভার অনুমোদনও নেওয়া হয়েছে। তবে প্রকাশিত এই সরকারি নির্দেশে নিয়োগের আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ দিন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা বা পরীক্ষার দিনক্ষণ জানানো হয়নি। তবে আপাতত ৫৮৯৩টি শূন্যপদে নিয়োগের প্রশাসনিক অনুমোদনের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারেন আগ্রহী প্রার্থীরা। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন এবং প্রস্তুতি শুরু করে দিন।










