ফিক্সড ডিপোজিটে ৮.৬০% সুদ এই ব্যাংক দিচ্ছে

Published:

Fixed Deposit Interest Rates

অনন্যা সরকার, কলকাতা: কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর সঞ্চয় সুরক্ষিত রাখতে এবং ভালো সুদ পাওয়ার আশায় অনেকেই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করেন। ফলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (FD) প্রবীণ নাগরিকদের জন্য জমা করা অর্থ সুরক্ষিত রেখে নিয়মিত আয় অর্জনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। ২০২৬ সালের নভেম্বর মাসে বেশ কয়েকটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে বদল এনেছে। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো প্রবীণ নাগরিকদের ৮.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে, অন্যদিকে বড় বেসরকারি ও সরকারি ব্যাংকগুলো ৭.১০% থেকে ৭.৫৫% পর্যন্ত সুদ প্রদান করছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক সিনিয়র সিটিজেনদের জন্য কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে কত সুদের হার অফার করছে। 

কোন ব্যাংকের এফডি-তে সুদের হার সবচেয়ে বেশি?

প্রবীণ নাগরিকদের সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক (Suryoday Small Finance Bank) সর্বোচ্চ ৮.৬০% সুদ দিচ্ছে। এর পরেই রয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক (Utkarsh Small Finance Bank), এর সর্বোচ্চ সুদের হার ৮.৫০%। বড় ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি খাতের কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৭.৫৫% এবং অ্যাক্সিস ব্যাংক ৭.৩৫% সুদ দিচ্ছে। এইচডিএফসি (HDFC) ব্যাংক ও আইসিআইসিআই (ICICI) ব্যাংক সর্বোচ্চ ৭.২০% সুদ দিচ্ছে, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.১০% সুদ প্রদান করে। 

৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন সুদের হার অনুযায়ী, এইচডিএফসি ব্যাংক নির্দিষ্ট মেয়াদের জন্য জমা করা অর্থের ওপর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট (০.৫০%) পর্যন্ত বাড়িয়েছে। পিএনবি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং বেশ কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাংকও তাদের সুদের হারে বদল এনেছে।

আরও পড়ুন: আরও সস্তার প্ল্যান আনল BSNL, দাম শুরু মাত্র ১৭২ টাকা থেকে

উল্লেখ্য, ৮.৬০% সুদের হার সহ ৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বছরে প্রায় ৪৩,০০০ টাকা আয় হয়। অন্যদিকে ৭.২০% সুদের হারে আয় হয় প্রায় ৩৬,০০০ টাকা, অর্থাৎ বছরে প্রায় ৭,০০০ টাকার পার্থক্য রয়েছে। ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, ৮.৬০% সুদের হারে বছরে পাওয়া যায় প্রায় ৮৬,০০০ টাকা, আবার ৭.২০% সুদের হারে মেলে প্রায় ৭২,০০০ টাকা। অর্থাৎ, এক্ষেত্রে পার্থক্যের পরিমাণ ১৪,০০০ টাকা। 

জানিয়ে রাখি, এইচডিএফসি ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংক ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের ওপর প্রবীণ নাগরিকদের ৭.২০% সুদ প্রদান করছে, এর মধ্যে আইসিআইসিআই ব্যাংকের ৫ বছর মেয়াদী ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটটিও অন্তর্ভুক্ত রয়েছে। আবার, পিএনবি (PNB)-এর ৪৪৪ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.১০% সুদ পাচ্ছেন। তবে, সূর্যোদয়, উৎকর্ষ, কোটাক মাহিন্দ্রা এবং অ্যাক্সিস ব্যাংকের (Axis Bank) ক্ষেত্রে কোন মেয়াদে সর্বোচ্চ সুদের হার প্রদান করা হচ্ছে, তা জানতে ব্যাংকগুলোর সাম্প্রতিকতম সুদের হারের তালিকাটি দেখে নেওয়া প্রয়োজন।

তবে উচ্চ সুদের হারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডিআইসিজিসি (DICGC)-এর নিয়ম অনুযায়ী, কোনো একটি ব্যাংকে একজন আমানতকারীর গচ্ছিত অর্থ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার অধীনে থাকে, যার মধ্যে মূল আমানত ও অর্জিত সুদ – দুই অন্তর্ভুক্ত থাকে। তাই বড় অঙ্কের অর্থ জমা রাখতে চাইলে গ্রাহকদের উচিত একাধিক বিমাভুক্ত ব্যাংকে ভাগ করে রাখা। ফিক্সড ডিপোজিটে টাকা রাখার আগে সুদ কীভাবে গণনা করা হয়, মেয়াদপূর্তির আগেই টাকা তুলে নিলে কোনো জরিমানা দিতে হবে কি না কিংবা অর্জিত সুদের ওপর করের প্রভাব কী – সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া দরকার।

google button