আনিষা চৌধুরী, কলকাতা: ভাতা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নে এক বৈঠকে তিনি জানান, প্রকৃত প্রাপকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তাঁর অভিযোগ, অনেকে বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা নিচ্ছেন। আবার বিভিন্ন নথি তৈরি করে দিব্যাঙ্গ ভাতার সুবিধা নেওয়ার ঘটনাও সামনে আসছে। এমন অনাচার কোনওভাবেই চলতে দেওয়া যায় না বলে স্পষ্ট জানান তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, শুধুমাত্র বিভিন্ন ধরনের ভাতা দিয়ে কোনও সরকার চলতে পারে না। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছয়, সেদিকেই নজর দেওয়া প্রয়োজন।
পুরনো ওয়েটিং লিস্ট বাতিল
এদিন মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের তৈরি ওয়েটিং লিস্ট বাতিল করা হল। নতুন করে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে জনকল্যাণ শিবিরে যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে। ‘আমার সরকার, আমার পাশে’ কর্মসূচিতেও যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের বিষয়টিও সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে, এমনটাই জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন করে আরও ৫০ হাজার মানুষকে বার্ধক্য ভাতার আওতায় আনা সম্ভব।
ভুয়ো বা অযোগ্য প্রাপকদের উদ্দেশে ভাতা ছেড়ে দেওয়ার আবেদন জানান শুভেন্দু। তিনি বলেন, যাঁরা প্রকৃতপক্ষে এই সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের ভাতা সারেন্ডার করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের নাম সরিয়ে নেওয়া উচিত। পরিচিতদের মধ্যেও এমন কেউ থাকলে তাঁদের এই বিষয়ে সচেতন করার আবেদন জানান তিনি। তাঁর কথায়, সরকারি অর্থ যাতে প্রকৃত উপভোক্তাদের কাজে লাগে, সেটাই নিশ্চিত করা দরকার।
আরও পড়ুন: “নবমীতে বাঙালি পাঁঠার মাংস খায়, আমিও খাব” আমিষ বিতর্কের মাঝেই ঘোষণা শমীকের
অন্নপূর্ণা ভাতা নিয়েও ঘোষণা
এদিন অন্নপূর্ণা ভাতা নিয়েও একাধিক তথ্য তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, আগস্ট মাসে ১ কোটি ৪৮ লাখ মানুষ অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা লাভ করেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর “অন্নপূর্ণা দিবস” পালন করা হবে বলেও জানান তিনি। দিব্যাঙ্গজনদের জন্য ২৫ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধার কথাও তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গ মহিলা এই বয়সসীমার মধ্যে রয়েছেন। তাঁরা এরপর থেকে মোট সাড়ে চার হাজার টাকা করে পাবেন। এই ক্ষেত্রে ৫০০ টাকা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে।









