আপনার আধার নম্বর ব্যবহার করে টাকা তুলতে পারবে অন্য কেউ? জেনে নিন এখনই

Published:

UIDAI on Aadhaar Card money withdrawal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়ে ভারতীয়দের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি (Aadhaar Card)। সম্পত্তি কেনাবেচা হোক কিংবা ব্যাঙ্কিং পরিষেবা, প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। তবে সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নথিটি ব্যবহার করে নানান জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। তাছাড়াও AePS কেলেঙ্কারি কথা জানতে বাকি নেই কারও! সে কারণেই দিন দিন ভয় বাড়ছে আমজনতার। প্রশ্ন, একজন ব্যক্তির আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ কি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো অর্থ তুলে নিতে পারেন?

অন্যের আধার নম্বর ব্যবহার করে তুলে নেওয়া যাবে টাকা?

সাম্প্রতিক সময়ে আধার নম্বর ব্যবহার করে নানান জালিয়াতির ঘটনায় মুখ খুলেছে UIDAI। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, একজন ব্যক্তির আধার নম্বর ব্যবহার করে সেই আধারের সাথে যুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও তৃতীয় ব্যক্তি টাকা তুলে নিতে পারবেন না।

UIDAI বলছে, সাধারণত ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার ক্ষেত্রে যেমন ফিঙ্গারপ্রিন্ট সহ অ্যাকাউন্ট হোল্ডারের সম্মতি প্রয়োজন, ATM থেকে কার্ড ব্যবহার করে পিন দিয়ে যেমন টাকা তোলা যায় তেমনই আধার কার্ড ব্যবহার করে একজন ব্যক্তি তখনই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন যখন তিনি নিজে আঙুলের ছাপ দেবেন অথবা মোবাইল নম্বরে আসা OTP সাবমিট করবেন। এক কথায় বলাই যেতে পারে, একজন ব্যক্তির সম্মতি ছাড়া অন্য কেউ তাঁর আধার নম্বর বা আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন না।

অবশ্যই পড়ুন: ‘মিথ্যা কাঁদুনি গাইছেন’ ৪% DA মামলায় বড় তথ্য ফাঁস করলেন রাজ্য সরকারের কর্মী

AePS জালিয়াতি থেকে বাঁচতে কী করবেন?

সাম্প্রতিক সময়ে ব্যক্তির আধার নম্বর এর পাশাপাশি তাঁর বায়োমেট্রিক বা আঙুলের ছাপ চুরি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা। একে বলা হয় AePS জালিয়াতি। সাধারণত প্রতারকরা বিভিন্ন রেজিস্ট্রি অফিসের মতো বিভিন্ন ভবন থেকে ব্যক্তিদের সরকারি নথিতে থাকা আঙুলের ছাপ নকল করেন। এক্ষেত্রে এক ধরনের সিলিকন বা জেল ব্যবহার করা হয়।

UIDAI বলছে, এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে ফোনে আসা OTP বা পিন অন্য কারও সাথে শেয়ার করবেন না। এছাড়াও নিজের আধার নম্বর সব জায়গায় না দিয়ে মাস্কড আধার কার্ড ব্যবহার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, UIDAI এর ওয়েবসাইট থেকে বা আধার অ্যাপ ব্যবহার করে নিজের বায়োমেট্রিক লক করে রাখুন।