কমবে সোনার দাম? ভারতে ১০৪.৩ মেট্রিক টন গোল্ড ফিরিয়ে আনল RBI

Published:

Will RBI Gold impact on gold prices

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কমপক্ষে 104.23 মেট্রিক টন সোনা ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Gold)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই সোনা পৌঁছে গিয়েছে যথাযথ জায়গায়। আচমকা, বিদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ হলুদ ধাতু আসায় অনেকেরই জিজ্ঞাস্য তাহলে কি এবার ভারতে কমতে চলেছে সোনার দাম? সোনা তৈরি করতে গেলে কি এবার আগের তুলনায় খরচ কিছুটা কমবে? কেনই বা দেশে এত পরিমান সোনা নিয়ে আসা হল?

কেন এত পরিমাণ সোনা দেশে নিয়ে এল RBI?

কেন্দ্রীয় ব্যাঙ্কের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে থাকা মোট সোনার রিজার্ভের পরিমান সামান্য বেড়েছে। যেখানে গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের মোট সোনার রিজার্ভ ছিল 880.18 মেট্রিক টন, সেখানে এ বছর মার্চ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 880.52 মেট্রিক টন। তবে রিপোর্ট অনুযায়ী, গত মার্চের মাঝামাঝি সময়ে দেশের অভ্যন্তরে থাকা সোনার পরিমাণ ছিল 290.37 মেট্রিক টন। যেখানে গত বছর সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে থাকা সোনার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল 575.82 মেট্রিক টনে। শুধু তাই নয়, 2025 এর মার্চ মাসে দেশে থাকা সোনার পরিমাণ 511.99 মেট্রিক টন।

এবার আসা যাক আসল প্রসঙ্গে। কমবেশি অনেকেই জানেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সমস্ত সোনা দেশে রাখে না। গত মার্চ মাস পর্যন্ত, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এ 197.67 মেট্রিক টন সোনা নিরাপদে রেখেছিল RBI। এখানেই শেষ নয় বিদেশি ভল্টে গোল্ড ডিপোজিট হিসেবে 2.80 মেট্রিক টন সোনা রাখা হয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্কটির তরফে। এর নেপথ্যে রয়েছে কিছু অর্থনৈতিক কৌশল।

বিশেষজ্ঞদের দাবি, সোনার ব্যবসা সক্রিয় থাকায় সংকটের সময় বিদেশে এই সোনা বন্ধক রেখে দ্রুত ডলার পাওয়া যায়। ঠিক একইভাবে বিশ্বে অস্থিরতা তৈরি হলে এই সোনা আবার দেশে ফিরিয়ে এনে কৌশলগত নিয়ন্ত্রণকে শক্তিশালী করে RBI। তাছাড়াও বিশ্ব বাজারে মূল্যবান ধাতু সোনা। যার দাম বিগত দিনগুলিতে দ্রুত গতিতে বেড়েছে। আর এই মূল্যবৃদ্ধি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সরাসরি প্রভাবিত করে। তাই প্রয়োজন বুঝে বিদেশে থাকা সোনা দেশে ফিরিয়ে এনেছে RBI।

অবশ্যই পড়ুন: বাংলায় শীঘ্রই ছুটবে বুলেট ট্রেন? জমি সমস্যার সমাধানে রেলের বড় পদক্ষেপ

দেশে কমতে চলেছে সোনার দাম?

রিজার্ভ ব্যাঙ্ক বিপুল পরিমাণ সোনা দেশে ফিরিয়ে আনায় সাধারণ ক্রেতাদের অনেকেরই আশা এবার হয়তো দেশে সোনার দাম কিছুটা হলেও কমতে পারে। তবে সহজ কথায় বলতে গেলে এর ফলে দেশের সোনার দামে কোনও রকম প্রভাব পড়বে না। কমবে না হলুদ ধাতুর দাম। সোনা ফিরিয়ে নিয়ে আসা কেন্দ্রীয় ব্যাঙ্কটির কৌশলগত এবং লজিস্টিক সিদ্ধান্ত। আসলে বাজারে সোনার দাম নির্ভর করে মূলত আন্তর্জাতিক পরিস্থিতি, মার্কিন ডলারের গতিবিধি, সুদের হার, মুদ্রাস্ফীতি, বিশ্ববাজারে তেলের দাম, ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশ্বব্যাপী চাহিদা এবং সরবরাহের উপর। আর এই গোটা প্রক্রিয়া চলাকালীন RBI বাজারে নতুন করে কোনও সোনা কেনাবেচা করেনি। শুধুমাত্র নিজেদের সংরক্ষিত সোনাই ফিরিয়ে এনেছে তারা।