অনন্যা সরকার, কলকাতা: মথুরার পবিত্র ব্রজভূমিতে (Vrindavan) পুরুষোত্তম মাস (Purushottam month) উপলক্ষে জনসমাগম হয় চোখে পড়ার মতো। এরই মধ্যে একটি অসাধারণ ও আবেগঘন ঘটনা নজর কেড়েছে সবার। হরিয়ানা লোকসংগীত শিল্পী কাজল চৌধুরী (Kajal Choudhury) তার ৯৫ বছর বয়সী বৃদ্ধা শাশুড়িকে একটি প্লাস্টিকের গামলায় বসিয়ে মাথায় করে ব্রজ ৮৪ ক্রোশ (কোশ) পথ পরিক্রমা (Braj 84 Kos Parikrama) শুরু করেছেন। শাশুড়ি মায়ের ইচ্ছা পূরণ থেকে শুরু হওয়া এই যাত্রা ইতিমধ্যেই তীর্থযাত্রীদের মধ্যে শ্রদ্ধা ও নিষ্ঠার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শাশুড়ি মায়ের ইচ্ছা পূরণ করতে বৌমার সংকল্প
প্রায় ২৬৭ কিলোমিটার যাত্রাপথে কাজল চৌধুরী শাশুড়ি মাকে মাথায় নিয়ে প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটছেন। যেখানে যেখানে ওনারা থেমেছেন, প্রতিটি স্থানেই এই অনন্য দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। পরিক্রমা পথে শাশুড়ি বৌমার এই অভিনব জুটি চর্চার বিষয় হয়ে উঠেছে দর্শনার্থী ও স্থানীয় মানুষদের মধ্যে। জানা গেছে, কাজল চৌধুরী গত ৩১ মে হরিয়ানার পালওয়ালের দাউজি মন্দির থেকে যাত্রা শুরু করেন। গতকাল তিনি ৮৪-ক্রোশে ব্রজ পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ স্টপ, গোবর্ধনের কাছে কাউথারা গ্রামে পৌঁছেছেন।
গায়িকা কাজল চৌধুরী জানান, তার শাশুড়ি মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ব্রজ ৮৪ ক্রোশ পরিক্রমায় অংশ নেওয়ার। কিন্তু ৯৫ বছর বয়সী বৃদ্ধা স্বাস্থ্যের কারণে দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে যেতে অসমর্থ্য। তাই তার বৌমা শাশুড়ির স্বপ্নকে নিজের দায়িত্ব বলে কাঁধে তুলে নেন। তিনি বলেছেন, ৮৪ ক্রস পরিক্রমার ভিডিও দেখে তার মাথায় আসে যদি শাশুড়ি মা নিজে যেতে না পারেন, তাহলে তিনি তাকে এই পরিক্রমায় সঙ্গে করে নিয়ে যাবেন। আর তাই শাশুড়িকে গামলায় বসিয়ে মাথায় করে দীর্ঘ পথ যাত্রা শুরু করেন।
আরও পড়ুনঃ কোটি কোটি টাকা আয়! ১৫ বছর বয়সেই ট্যাক্স দেন বৈভব সূর্যবংশী?
কাজল চৌধুরী জানিয়েছেন, যাত্রা পথে বহু মানুষের ভালোবাসা ও স্নেহ পেয়েছেন তিনি। যেখানেই থেমেছেন, সেখানেই বহু মানুষ তাদের সাথে দেখা করতে এসেছেন। অনেক তীর্থযাত্রীর আশীর্বাদ ও সহায়তা পেয়েছেন বলে জানান কাজল। শুরুর কিছুদিন তিনি প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করছিলেন। তবে এখন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীদের সাথে কথা বলতে গিয়ে তার গতি কিছুটা কমেছে। যদিও, তিনি তার পরিক্রমা জারি রেখেছেন। এই যাত্রা জীবনের প্রতিটা দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে দিয়েছে বলে জানিয়েছেন কাজল চৌধুরী। ব্রজভূমির উদ্দেশ্যে এই পরিক্রমা এখন আর শুধু তীর্থযাত্রা নয়, বরং শাশুড়ি ও বৌমার মধ্যেকার ভালোবাসা ও ভক্তি-শ্রদ্ধার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।










