🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

নিরামিষ রান্নায় নতুন টুইস্ট! সব সবজি এবং ডাল দিয়ে বানিয়ে নিন ওড়িশার বিখ্যাত ডালমা

Published:

Dalma Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: পুরীর মন্দিরে প্রায় প্রতি দিনই জগন্নাথদেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়ে থাকে। যার মধ্যে অন্যতম এবং সুস্বাদু একটি ভোগ হল ডালমা (Dalma Recipe)। বিভিন্ন রকম সব্জি দিয়ে তৈরি ডালের একটি ওড়িয়া পদ (Odisha Special Dalma) এতটাই সুস্বাদু যে বারংবার খেলেও মন ভরবে না। কিন্তু অনেকেই এই ডালমা রাঁধতে জানে না। তবে কোনো চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন কী ভাবে তৈরি করবেন এই ওড়িয়া পদ।

উপকরণ

উড়িষ্যার বিখ্যাত ডালমার রেসিপি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- পেঁপে, ঝিঙে, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচকলা, আলু, গাজর, বিনস, আদা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, অড়হর ডাল, মুগডাল, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, তেজপাতা পাঁচফোড়ন, হিং।

রান্নার পদ্ধতি

প্রথমে রান্না শুরু করার অন্তত ৩/৪ ঘণ্টা আগে একটি বাটিতে অড়হর ডাল ভিজিয়ে রেখে দিতে হবে। এবার এক এক করে পেঁপে, ঝিঙে, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচকলা, আলু, গাজর, বিনস কেটে নিতে হবে। অন্যদিকে একটি শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, জিরে, গরম মশলা ভেজে নিতে হবে। এবং সেগুলিকে গুঁড়ো করে নিতে হবে। আবার ওই শুকনো কড়াইতে মুগডাল গুলো ভেজে নিয়ে একটি আলাদা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। একটি ব্লেন্ডারে আদা এবং কাঁচা লঙ্কা বেঁটে নিতে হবে সামান্য।

আরও পড়ুন: অল্প মশলায় দুর্দান্ত স্বাদ! কম সময়ে বানিয়ে ফেলুন লাউয়ের জলবড়া, রইল রেসিপি

এবার ভিজিয়ে রাখা অড়হর ডালগুলি কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ওই সময় ভেজে রাখা মুগডাল গুলো ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। অড়হর ডালগুলি সিদ্ধ হওয়ার সময় ধুয়ে রাখা মুগডাল গুলিও সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে। সঙ্গে মিশিয়ে নিতে হবে সামান্য নুন। ৫-৬ মিনিট পর সিদ্ধ হতে থাকা ওই ডাল গুলির মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। থেঁতো করা আদা এবং কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে কড়াইটি ৭-৮ মিনিট মাঝারি আঁচে রেখে দিতে হবে।

৭-৮ মিনিট পর ঢাকনা সরিয়ে ওই সিদ্ধ ডাল এবং সবজির মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো, নারকেল কোড়া, ভাজা মশলার গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ফের আরও একবার ৪-৫ মিনিটের জন্য মাঝারি আঁচে ফুটতে দেব। অন্যদিকে ডালে তরকা দেওয়ার জন্য একটি বাটিতে পরিমাণমত ঘি, তেজপাতা, পাঁচফোড়ন, হিং দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবং এই তরকাটা ফুটতে থাকে ডালের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি গরম গরম ডালমা।