প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে প্রবল গরমে রীতিমত হাঁসফাঁস অবস্থা সকলের। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম কিছুই কমছে না। তার উপর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে সবার পক্ষে এসি (Air Conditioning) কেনা বা সারাক্ষণ চালানো কখনোই সম্ভব নয়। তাই অনেকের প্রশ্ন কম খরচে কীভাবে বাড়ি ঠাণ্ডা (Room Cool Without AC) রাখা যায়। এবার সেই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি সস্তায় এবং সহজে ঘর ঠান্ডা রাখার উপায় নিয়ে এসেছে।
ছাদের রং সাদা
বাড়ি ঘর ঠান্ডা রাখতে ছাদে অনেকেই সাদা রং করে থাকেন। আসলে সাদা রং সূর্যের আলোর প্রতিফলন করায় গরমও কম হয়। তাই সেই কারণেই চুনের সঙ্গে সাদা রং মিশিয়ে ছাদে রং করা যায়। ঘরের তাপমাত্রাও অনেকটাই কমে যাবে। এছাড়াও বিকেলে বা রাতে ছাদে জল ছিটিয়ে দিলে তাপমাত্রা কমে যায়। এতে ঘরও ঠাণ্ডা থাকে।
ভারী পর্দা
গরমের দিন বাইরের প্রখর রোদ যাতে ঘরে না ঢোকে তার জন্য সুতির ভারী পর্দা ব্যবহার করতে হবে। জানলা ওই ভারী পর্দা দিয়ে ঢেকে রাখুন। তাহলে দেখবেন দুপুরের দিকে গরমটা অনেকটা কম থাকবে। প্রয়োজনে ওই সুতির পর্দায় জল স্প্রে করে রাখতেন পারেন। তাহলে ঠান্ডা থাকবে ঘর। এছাড়াও সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জানলা-দরজা বন্ধ রাখাই ভাল।
খসখসের ব্যবহার
আগেকার দিনে আর আজকের মত এত এসির রমরমা ছিল না, তখন ঘর ঠান্ডা রাখতে সকলে খসখস ব্যবহার করত। ভারী খসখসে জল ছিটিয়ে রাখা হতো, কিন্তু এখন সেই খসখসে দেখায় যায় না। তাই বাড়ির বিদ্যুৎ বিল কমাতে চাইলে আজ থেকেই খসখস ব্যবহার করা শুরু করুন।
আরও পড়ুন: ভ্যাপসা গরমে বাড়ছে শারীরিক অসুস্থতা, অবশ্যই এড়িয়ে চলুন এই খাবারগুলো
অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখুন
ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখলে ঘর আরও গরম হতে থাকে। তাই যতটা সম্ভব টিভি, কম্পিউটার বা বেশি লাইট জ্বালিয়ে রাখবেন না, এতে ঘর ঠান্ডা থাকে। পাশাপাশি ঘরের ভিতরে বা বারান্দায় গাছ রাখলে পরিবেশ ঠাণ্ডা থাকে। তাই মানি প্ল্যান্ট, পাম গাছ, অ্যালোভেরা এই ধরনের গাছ খুব উপকারী।










