প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরম যেন কিছুতেই কমছে না। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কয়েক জায়গায় হলেও স্বস্তি মিলছে না। এদিকে এই গরমের (Summer) দাবদাহ থেকে বাঁচতে ঘন ঘন নুন-চিনির শরবত খাচ্ছেন কম বেশি সবাই। এমনকি গরমে হালকা-পাতলা খাবার খেয়েও সারা দিন বমি বমি ভাব, মাথা ঘোরানোর মত অবস্থা হচ্ছে। আসলে এমন কিছু খাবার আছে, যা গরমের সময়ে শরীরে জলের ঘাটতি আরও বাড়িয়ে দেয়। তাই আমাদের আজকের প্রতিবেদন আপনাদের জন্য কিছু সতর্কবার্তা নিয়ে এসেছে গরমে শরীর (Health Tips) সুস্থ রাখার। এবং কোন কোন খাবার খাওয়া এইসময় উচিত নয় সেই নিয়েও রয়েছে একাধিক টিপস।
ভাজাভুজি
গরমকালে ভাজাভুজি খাওয়া কমাতে হবে। কচুরি, শিঙাড়া, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, টপ ইত্যাদি সন্ধে হলেই মন চায় খেতে কিন্তু এইসময় এই ভাজাপোড়া খাবার খাওয়া একদমই উচিত নয়। কারণ এগুলো শরীরে জলের ঘাটতি তৈরি করতে পারে। পাশাপাশি, গরমে এ সব খাবার হজম করাও বেশ কঠিন। তাই বুঝে শুনে খেতে হয় এই খাবার।
তেল মশলাযুক্ত খাবার
গরমের দিনে এমনিই খাবার খেতে ইচ্ছে করে না, তার উপর এই অতিরিক্ত তেল, মশলা দেওয়া খাবার শরীরে পক্ষে বেশ ক্ষতিকারক। তাই চিকিৎসকেরা এইসময় তেলমশলাযুক্ত খাবার খেতে বারণ করেন। এই সময়ে হালকা পাতলা, পেট ঠান্ডা করার মত খাবার খাওয়াই ভাল। রেস্তরাঁয় এই সময়ে না খাওয়াই ভাল।
আরও পড়ুন: পার্লার নয়, ঘরোয়া যত্নেই কমবে চুল পড়া, রইল ৪ টিপস
চিজ পনির
গরমের দিনে কখনোই অতিরিক্ত চিজ বা পনির সমৃদ্ধ খাবার খাওয়া উচিত নয়। কারণ এগুলিতে প্রচুর ক্যালোরি থাকে। তাই এসবের পরিবর্তে সতেজ ফল ও সবজি কিংবা টক দই মেশানো স্যালাড খাওয়াই ভালো। এক্ষেত্রে টমেটো বেশ আদর্শ বিকল্প।
চা-কফি
অনেকেই ক্যাফিন জাতীয় পানীয় যেমন চা কফি পান করতে বেশি ভালোবাসে। এমনকি গরমকালেও সেই স্বাদ থেকে তাঁরা বঞ্চিত হতে চান না। তবে এই অভ্যাস কিন্তু ভালো নয়। গরম চা বা কফি খেলে দেহে জলের ঘাটতি তৈরি করে। ফলে ডিহাইড্রেশনের সমস্যা বাড়তে পারে। তাই এই সময়ে গরম পানীয় এড়িয়ে চলাই ভাল।










