প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষ রান্নার দিন অনেকেরই মাথায় হাত পড়ে যায় এই ভেবে যে আজ কী রান্না হবে। সেক্ষেত্রে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয় পনির (Paneer), যেটি কিনা নিরামিষভোজীদের কাছে বেশ লোভনীয় একটি উপকরণ। কিন্তু সবসময় একঘেয়েমি পনির আলুর তরকারি খেতে মোটেও ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের এক পনিরের রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হল গন্ধরাজ পনির (Gandharaj Paneer)। চলুন একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
গন্ধরাজ পনির বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – পনির, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, টক দই, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, ঘি, ধনেপাতা, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
গন্ধরাজ পনির বানানোর জন্য প্রথমে পনিরকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আদা কুচি, কাজুবাদাম ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার কেটে রাখা পনির গুলোর উপর একটা গন্ধরাজ লেবু সামান্য ঘষে নিতে হবে এবং তার সঙ্গে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিতে হবে। এরপর এক এক করে আদা কাজুবাদামের মিশ্রণ, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে দিতে হবে। শেষের দিকে জল ঝরানো ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে দিতে হবে।
আরও পড়ুন: পুষ্টিগুণে ভরপুর কলমি শাক দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত ডাল, স্বাদ হবে অতুলনীয়
এবার পনিরের ওই মিশ্রণটিকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পরে একটি কড়াই নিয়ে তাতে সামান্য সরষের তেল গরম করে নিতে হবে। ফোরণের জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি দিয়ে দিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলো এক এক করে ভেজে নিতে হবে। ভাজার সময় উপর দিয়ে বাকি পড়ে থাকা মশলাটাও ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে। এবার সেটিকে নামানোর আগে সামান্য ঘি এবং ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি গন্ধরাজ পনির।










