অল্প সময়ে বানিয়ে নিন দুধ-মৌরি পটল, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Dudh Mouri Patal Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরু থেকেই গরমের তীব্রতা এতটাই বেড়েছে, যে জল এবং ঠান্ডা জাতীয় খাবার একদমই মুখে উঠতে চাইছে না। কিন্তু কী করা যাবে? শরীরে শক্তি বৃদ্ধি করতে খেতে তো হবেই। তাই সেইজন্যই আজ আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এক ভিন্ন স্বাদের রেসিপি (Summer Special Recipe), যার নাম দুধ-মৌরি পটল (Dudh Mouri Patal Recipe)। বানাতে লাগবে সামান্য মশলা।

দুধ-মৌরি পটল রেসিপি

গরমে যে সমস্ত সব্জি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তার মধ্যে অন্যতম হল পটল। এককথায় এই সবজি গরমের ক্লান্তি দূর করার অন্যতম প্রাকৃতিক মহৌষধ। চড়া রোদে শরীর থেকে ঘামের মাধ্যমে যে জল বেরিয়ে যায়, তা পূরণ করতে পটল অত্যন্ত কার্যকর। আজ এই পটল দিয়েই বানিয়ে নিন ভিন্ন স্বাদের নিরামিষ তরকারি। খুব সামান্য আর চেনা মশলায় পটলের তরকারির স্বাদ এমন বদলে যাবে যে সহজে তা ভোলা অসম্ভব! তাই আর দেরি না করে চলুন ঝটপট জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

দুধ-মৌরি পটল বানানোর জন্য যে সকল উপকরণগুলোর প্রয়োজন, সেগুলি হল – পটল, আলু, আদা, কাঁচা লঙ্কা, মৌরি , গোটা গরম মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দুধ, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে একটি মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, মৌরি দিয়ে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে নেব। অন্যদিকে পটলগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আলু গুলোকেও তরকারি সাইজের মত করে কেটে নিতে হবে। এরপর কেটে রাখা পটল গুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। অন্যদিকে কয়েকটি গোটা গরম মশলা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটল আলুগুলোকে ভেজে নিতে হবে।

আরও পড়ুন: পায়ে ব্যথার জন্য রান্নাঘরে জুতো পরে ঢুকছেন! স্বভাব বদলান, নইলে ক্ষতি

ভাজা পটল আলুগুলোকে একটি আলাদা পাত্রে রেখে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা মৌরি বাটা দিয়ে দিতে হবে। ওর সঙ্গেই আন্দাজ মত নুন এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করার পর ঢেকে রাখতে হবে। ২-৩ মিনিট মশলা কষার পর ওর মধ্যে ভাজা পটল আলু দিয়ে দিতে হবে। মশলাগুলো আলু পটলের মধ্যে ঢোকার পর একবাটি দুধ ঢেলে দিতে হবে। ভালো করে ঝোলটা ফুটে আসার পর ওর মধ্যে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি দুধ-মৌরি পটল।