ভাতের ফ্যান না ফেলে এভাবে বানান স্বাস্থ্যকর শরবত, আরাম পাবেন গরমে

Published:

Hydrating Drink Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির কাছে ফ্যান মাখানো ভাত যেন অমৃত সমান। কম সময়ে এই খাবার স্বাদেও যেমন অসাধারণ ঠিক তেমনই বানাতেও লাগে খুব কম সময়। কিন্তু জানেন কি এই ভাতের ফ্যান (Boiled Rice Water) দিয়ে বানানো শরবত গরমকালে এক স্বাস্থ্যকর পানীয় (Hydrating Drink Recipe)। যার এক চুমুকে শরীরের সমস্ত ক্লান্তি দূর করে। এছাড়াও শরীরে ভিটামিনের চাহিদাও মেটায়। তাই চলুন আজকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে ভাতের ফ্যান দিয়ে শরবত বানানো যায়।

ভাতের ফ্যান দিয়ে শরবত

চিকিৎসকদের মতে ভাতের ফ্যান বা মাড় হল কার্বোহাইড্রেটের মূল উৎস। স্বাস্থ্যকর এই খাবারের মধ্যে রয়েছে, বি১, বি৩, রাইবোফ্ল্যাভিনের মতো ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ। পুষ্টিবিদরা জানান, ভাতের মাড়ে যথেষ্ট পরিমাণে স্টার্চ রয়েছে যা কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো অসুখের মোক্ষম দাওয়াই হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল গরমের সময় ভাতের মাড় শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে। চলুন এবার দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি।

উপকরণ

ভাতের ফ্যান সমৃদ্ধ পানীয় বানাতে আমাদের যে যে উপকরণগুলো দরকার, সেগুলি হল, আধ কাপ চাল, সেই অনুযায়ী ৩ কাপ জল, বিটনুন, জিরে গুঁড়ো, সাদা নুন এবং পাতিলেবু।

আরও পড়ুন: অল্প সময়ে বানিয়ে নিন দুধ-মৌরি পটল, স্বাদ হবে দুর্দান্ত

বানানোর পদ্ধতি

ভাতের ফ্যান সমৃদ্ধ পানীয় বানানোর জন্য প্রথমে আধ কাপ চাল ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। এবার চালটাকে একটি পাত্রে ঢেলে রান্না করতে বসিয়ে দিন যেমন ভাবে ভাত রান্না করা হয়। এবার ভাত যখন খানিকটা সেদ্ধ হয়ে যাবে, তখনই ভাতের ফ্যান অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার সেই ফ্যানটিকে ঠান্ডা করে নিতে হবে। এবার সেই জলে এক এক করে জিরে গুঁড়ো, বিটনুন আর সাদা নুন মিশিয়ে ভালো করে গুলি নিতে হবে চামচ দিয়ে। সবশেষে লেবুর রস মিশিয়ে আবার ভাল করে নেড়ে নিন। পান করার সময় গ্লাসে ওই মিশ্রণের সঙ্গে কয়েক টুকরো বরফ ফেলে দিলে স্বাদ আরও বেড়ে যায়।

শিশু, বয়স্কদের হজমপ্রক্রিয়া ভালো করতে এই পানীয় খুবই কার্যকর। তবে অনেকেরই নুন খাওয়া উচিত নয়, তাই তাঁদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হজমের গোলমাল কিংবা ডায়েরিয়ার মতো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ মেনে এই পানীয় খাওয়া উচিত।