প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি বাড়ির হেঁসেলে ঢুকলেই হরেক রকমের রান্নার সন্ধান পাওয়া যায়। মাছ, মাংস, ডিম দিয়ে কত যে ইউনিক রান্না (Recipe) হয় তা না দেখলে বিশ্বাস করা বড্ড কঠিন, এমনকি বাদ যায় না মাছের মাথাও। বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, মাছের (Fish) মাথা থেকে গেলে সব রকমের সবজি দিয়ে এই মাছের মাথা রান্না করে থাকেন অনেকে, আর তার স্বাদ হয় অতুলনীয়। কিন্তু বর্তমানে এই রেসিপি প্রায় হারিয়ে যাচ্ছে, তবে চিন্তা নেই, আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে শিখে নেব কীভাবে মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি (Kata Chacchari) রান্না করা যায়।
উপকরণ
মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- কাতলা মাছের মাথা, আলু, কাঁঠাল বিচি, কুমড়ো, বেগুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, পুঁই শাক, বড়ি, চিনি, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
কাটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছের মাথা গুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। অন্যদিকে সবজির জন্য আলু, কুমড়ো, বেগুন ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাথা গুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে সবজিগুলো এবং কাঁঠাল বিচি আলাদা করে ভেজে নিতে হবে। একে একে সবজিগুলো ভাজা হয়ে এলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সরষের তেল নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে বড়ি গুলো হালকা ভেজে নিতে হবে।
আরও পড়ুন: ক্যাফে-স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন চিজ বল, রইল রেসিপি
একে একে রসুন কুচি এবং কাঁচা পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। ঝাল অনুযায়ী এই সময় কাঁচা লঙ্কা চিরে ভেজে নেওয়া যেতে পারে। এবার একটি বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য গরম জল নিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ভেজে নেওয়া পেঁয়াজগুলোর মধ্যেই সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে তার মধ্যে সামান্য নুন মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মসলাটা যখন ধীরে ধীরে কোষে আসবে তখন ভেজে রাখার সবজি গুলোকে দিয়ে দিতে হবে। তার সঙ্গে সামান্য টমেটো কুচি এবং পুঁইশাক ভালো করে কুচিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে। ৯-১০ মিনিট পর সবজি মাখো মাখো হয়ে এলে শেষের দিকে সামান্য চিনি এবং গরম মসলাগুলো ছড়িয়ে দিলেই তৈরি মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি।










