সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির আগে বড় চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মচারীদের ৩% শতাংশ ডিএ (Dearness Allowance) এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে মোদী ক্যাবিনেট। স্বাভাবিকেই উৎসবের আবহে এহেন ভাতা বৃদ্ধি সকলের কাছে আনন্দের বিষয় হয়ে উঠেছে। তবে বাংলার কর্মীরা কী দোষ করল? কেন তাঁদের হকের টাকা আদায়ের জন্য এত আদালতে যেতে হচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।
বাংলার সরকারি কর্মীরা কেন ডিএ থেকে বঞ্চিত?
এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার তাঁদের কর্মচারীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে এখন ৬৩% হয়েছে। পরিষ্কার হিসেব আর এটাই স্বাভাবিক। অস্বাভাবিক যেটা, আমরা নির্দিষ্ট নিয়ম অর্থাৎ AICPI মতো ডিএ-টা আদায় করতে গেলে আদালতে যেতে হয়। এরপর আদালত রায় দিলেও আমাদের সরকার সেটা তা তুলে দেয় না। এটাই হচ্ছে অস্বাভাবিক।’
রাজ্য সরকারকে তুলোধনা মলয় মুখোপাধ্যায়ের
মলয় মুখোপাধ্যায় আরও বলেন, ‘স্বাভাবিক এই কারণেই, ১০ বছরে সপ্তম বেতন পে কমিশনে প্রত্যেক বছরে দুই কিস্তি করে টাকা দেয় সরকার। এবার অষ্টম বেতন কমিশনে অর্থাৎ সপ্তম বেতন পে কমিশনের বেসিক যার ফুল বেসিক গিয়ে দাঁড়াবে তার সঙ্গে ৬০% যোগ হবে। তারপরে ফিটমেন্ট ফ্যাক্টর গুণিতক নয়া বেতন শুরু হবে। নয়া বেতন শুরু হওয়ার পর আবার AICPI অনুসারে ডিএ লাগু হবে। নতুন ডিএ-বেতন গত জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর মাস অবধি সকল কর্মচারী পাবেন। যদি ডিসেম্বরের মধ্যে আবারও বেতন কমিশন লাগু না হয় জানুয়ারি ২০২৭ পড়ে যায়, এরপর ফেব্রুয়ারি, মার্চ অবধি না হয় তাহলে আবারও সকলে এক কিস্তি ডিএ পাবেন। তখন ৬৩-র সঙ্গে যোগ হয়ে সেই ডিএ-টা পুরনো বেতনের সঙ্গে পাবেন। নয়া বেতন শুরু হয়ে গেলে এই ডিএ-গুলি অবলুপ্তি হবে। নতুন বেসিক আরও বেশি হবে। এটাই তো নিয়ম। শুধু ব্যতিক্রম আমরা, আমরাই কিছু পাই না। আমরা একবার ২০% দিয়েছে বলে নৃত্য করছি। কোন সরকার দিয়েছিল?’
সরকারকে তুলোধনা করে ডিএ মামলাকারী আরও বলেন, ‘অন্নপূর্ণা ভান্ডারে এত কোটি, দুর্গাপুজোয় এত কোটি, তারপরে ২০% একসঙ্গে ডিএ এসব কথা আমাদের শুনতে হবে। তাহলে সরকার ডিএ-টা দেবে কেন? কিন্তু এটুকু তাঁদের ধারণা হল না নয়া সরকার এসে যদি বিগত সরকারের ৪% এপ্রিল মাস থেকে দিত তাহলেও তো আমরা চলতি অক্টোবর মাসে ২৮% ডিএ পেতাম।’
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে ৩ বছর ধরে স্কুলের মধ্যেই গরু-ছাগল নিয়ে সংসার মহিলার, ব্যাহত পড়াশোনা
৩% ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের বেতন ও পেনশনে এখন উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব থেকে রক্ষা করতে এবং তাদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ। সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই সম্পূর্ণ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠিত একটি সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।










