প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে আয়কর হানা, শ্বশুরবাড়িতে নোটিস CID-র

Published:

সহেলি মিত্র, কলকাতা: সাঁড়াশি চাপে রাজ্যের প্রাক্তন বিধায়ক। জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের (Somnath Shyam) নৈহাটির বাড়িতে হানা দেয় আয়কর দফতর। বুধবার রাতে সাত জন আধিকারিকের একটি দল তাঁর বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই তল্লাশি। বাড়ির আলমারি খতিয়ে দেখার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং জমির বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তার আগে বিধায়কের শশুরবাড়িতে হানা দেয় সিআইডি (CID)।

প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা আয়কর দফতর, CID -র

তবে ঠিক কী কারণে সোমনাথ শ্যামের বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছে, তা নিয়ে আয়কর দফতরের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তল্লাশিতে কী কী তথ্য বা নথি পাওয়া গিয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনও বিবৃতি সামনে আসেনি। সোমনাথ শ্যামের বাড়িতে আয়কর দফতরের হানাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর দাবি, “নিশ্চয়ই কিছু পেয়েছে। সেই কারণেই আয়কর দফতর এসেছে।” পাশাপাশি সোমনাথ শ্যামকে দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: চালু হল তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত প্রিমিয়াম এসি স্লিপার বাস, জানুন রুট ও সময়সূচি

যদিও বিজেপি বিধায়কের এই বক্তব্যের সমর্থনে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। অন্যদিকে, আয়কর দফতরের তল্লাশিতে ঠিক কী পাওয়া গিয়েছে, তা-ও এখনও অজানা। ফলে এই অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চললেও, তল্লাশির প্রকৃত কারণ এবং বাজেয়াপ্ত নথিপত্রের বিষয়বস্তু জানতে সরকারি বক্তব্যের অপেক্ষা রয়েছে।

সিআইডির নোটিস ঘিরে জল্পনা

প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নৈহাটির বাড়িতে আয়কর দফতরের তল্লাশির আগে বুধবার সকালে তাঁর জগদ্দলের শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন সিআইডির আধিকারিকরা। বাবু কোয়ার্টার এলাকার ওই বাড়িতে গিয়ে তাঁরা একটি নোটিস সাঁটিয়ে দেন বলে জানা গিয়েছে। তবে আধিকারিকরা চলে যাওয়ার পর সেই নোটিস ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নোটিসে কী লেখা ছিল, তা এখনও জানা যায়নি।

সোমনাথ শ্যামের শ্যালক সঞ্জয় সাউ জানান, সিআইডির আধিকারিকরা তাঁর বোন সঙ্গীতা সাউয়ের খোঁজ করেছিলেন। তবে বাড়িতে এসে কাউকে জিজ্ঞাসাবাদ না করেই তাঁরা চলে যান বলে তাঁর দাবি। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা চন্দন গুপ্তার অভিযোগ, সিআইডির আধিকারিকরা সোমনাথ শ্যামের স্ত্রী সঙ্গীতা দেবীর খোঁজ করতে এসেছিলেন এবং একটি নোটিস দিয়ে যান। আধিকারিকরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন সেই নোটিস ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও নোটিসের বিষয়বস্তু বা সেটি ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবরণ সামনে আসেনি।

আরও পড়ুন: ফেরাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, মেডিক্যাল ভাতা! সরকারের নির্দেশ নিয়ে যা বলছেন শিক্ষকরা

স্থানীয় সূত্রে দাবি, সোমনাথ শ্যামের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। তবে সিআইডি কেন তাঁর শ্বশুরবাড়িতে নোটিস দিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

google button