দুর্গাপুজোয় ঘোরার সঙ্গী ভাড়া নেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়

Published:

Durga Puja

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) সময় অনেকেই বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং কিংবা বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন। অনেকে আবার বন্ধুর অভাবে সঙ্গীহীন একাকিত্বে ডুবে থাকেন। এই একাকিত্বকে কাজে লাগিয়েই সোশাল মিডিয়ায় এক নতুন ধরনের প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সমাজ মাধ্যমে ‘ড্রিমবয়’ বা ‘ড্রিমগার্ল’ নামে পুরুষ বা মহিলা সঙ্গী ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। প্রথমে সুন্দর দেখতে যুবক-যুবতীর ছবি দেওয়া হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, পুজো, পার্টি, কোনও অনুষ্ঠান কিংবা ঘোরার ভাবে সময় কাটাতে তাঁরা সঙ্গীর ভূমিকা পালন করবেন। এই ধরনের কোনও প্রস্তাব সোশাল মিডিয়ায় চোখে পড়লে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।

AI-এর তৈরি ছবি দিয়ে তৈরি হচ্ছে ফাঁদ

পুলিশের দাবি, প্রতারকরা গ্রাহকদের তাদের বিজ্ঞাপনটি বিশ্বাস করানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে তৈরি ছবি ব্যবহার করছে। দেখতে একেবারে বাস্তব মনে হলেও সেই ছবি কিন্তু কোনও জীবিত ব্যক্তির নয়। বিজ্ঞাপনে সঙ্গী বা সঙ্গিনী পছন্দ করার সুযোগ দেওয়ার পাশাপাশি গোপনীয়তা বজায় রাখার আশ্বাসও দেওয়া হচ্ছে। কোথাও আবার পার্টি, ইভেন্ট, ছোট ট্রিপ কিংবা পুজোর রাতে ঘোরার জন্য এই ধরনের সঙ্গী পাওয়া যাবে বলে প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনের সঙ্গে থাকা ‘বুক নাউ’ বা একই ধরনের কোনও অপশনে ক্লিক করলেই কিন্তু সর্বনাশ। কারণ এখানেই লুকিয়ে রয়েছে আসল ফাঁদ।

কীভাবে ফাঁদে ফেলা হয়?

পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপনে আগ্রহ দেখানোর পর প্রথমে বুকিংয়ের জন্য অগ্রিম টাকা চাওয়া হয়। এরপর নিজের পছন্দ মতন প্রোফাইল বাছাই বা নিজের চাহিদা জানানোর নামে আরও টাকা নেওয়ার চেষ্টা করা হয়। কখনও কয়েকজন যুবক বা যুবতীর ছবি, নাম এবং বিস্তারিত পরিচয় পাঠিয়ে বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা হয়। তারপর ‘সিকিউরিটি ডিপোজিট’, ‘ভেরিফিকেশন চার্জ’ কিংবা অন্য কোনও কারণ দেখিয়ে অতিরিক্ত টাকা পাঠাতে বলা হয়। একবার টাকা পাঠিয়ে দিলে প্রতারকরা সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এইভাবে অনেকেই ঠকেছেন, এই ধরনের অভিযোগ দেশের বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দাদের কাছে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: “মেনে নিতে পারছি না..” মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সহ অভিনেতা রঞ্জিত মল্লিক

তদন্তকারীদের আশঙ্কা, দুর্গাপুজোর আগে এই কৌশল ব্যবহার করে কলকাতা-সহ রাজ্যের বাসিন্দাদের টার্গেট করতে পারে সাইবার জালিয়াতরা। এর আগেও ভুয়ো ডেটিং অ্যাপের নাম করেও একই ধরনের প্রতারণার অনেক ঘটনা সামনে এসেছে। তাই সোশাল মিডিয়ায় অপরিচিত কারও ‘সঙ্গী ভাড়া’ দেওয়ার প্রস্তাব দেখলেই সাবধান। কোনও লিঙ্কে ক্লিক না করা এবং অগ্রিম টাকা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এই এআই-এর যুগে শুধুমাত্র ছবি দেখে কাউকে আসল বলে মেনে নিলে তার ভয়ংকর পরিণতি হতে পারে।