বর্ষায় গাছকে সুস্থ রাখতে মেনে চলুন এই বিশেষ ৫ টিপস

Published:

Tree Care Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার (Monsoon) আমেজে মজেছে গোটা রাজ্য। সকাল থেকেই দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। এদিকে এই বর্ষার মরশুমে মানুষের যেমন নানা অসুখ হয়, তেমনই গাছেরও যত্ন (Tree Care Tips) নেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন হয়। কারণ অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় অতিরিক্ত জল জমার কারণে গাছের (Tree) গোড়া পচে যাচ্ছে। তখন গাছ বাঁচানো মুশকিল হয়ে পড়ে। এমনকি স্যাঁতসেতে আবহাওয়ায় পোকামাকড়ের আক্রমণও বেড়ে যেতে পারে। তাই বর্ষাকালে গাছের যত্ন কীভাবে নেবেন তা সম্পূর্ণ জেনে নিন বিস্তারিত।

  • বাগানে যদি জল জমে তা হলে টবগুলির স্থান পরিবর্তন করে উঁচু জায়গায় রাখুন। এতে জল বসতে পারবে না টবের গোড়ায়। এছাড়াও যদি টবের গোড়ায় জল জমতে থাকে, তা হলে দ্রুত তা ফেলে দিতে হবে। মাঝেমধ্যে মাটি খুঁড়ে আলগা করে দিতে হবে। এছাড়াও টবের নীচের ছিদ্রটি যদি কাদায় বন্ধ হয়ে যায় তাহলে সেটিও পরিষ্কার করে ফেলতে হবে যাতে জল দ্রুত বেরিয়ে যায়।
  • বর্ষার সময় কোনও কোনও গাছের গোড়া খড়, শুকনো পাতা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে গাছের গোড়ায় জলও জমতে পারে না। আসলে শুকনো পাতা অতিরিক্ত আর্দ্রতা টেনে নিতে সাহায্য করে।
  • বাগানে সবজির গাছের গোড়ায় যাতে জল জমে না থাকতে পারে, তার জন্য বাগানে আল কেটে দিতে হবে। এবং টবের জন্য নিচ থেকে যাতে জল সঠিক পদ্ধতিতে বেরিয়ে যায়, সেদিকে নজর দিতে হবে।

আরও পড়ুন: বর্ষায় ডেঙ্গি-ম্যালেরিয়া থেকে বাঁচতে আজই লাগান এই ৪ টি গাছ

  • ঘরে যদি গাছ রাখেন, তাহলে বর্ষাকালে মাঝে মধ্যে সেগুলিকে কিছুটা সময়ের জন্য বাইরে রাখুন। আসলে বৃষ্টির জলও গাছের জন্য অত্যন্ত উপকারী। তাই ঘরের গাছকেও বৃষ্টির জল দিন।কিন্তু যদি বেশি জল জমে যায় তাহলে বারান্দা বা ছাদে রোদে রাখতে পারেন।
  • যদি গাছের সমস্ত পাতা হলুদ হয়ে যেতে থাকে, তাহলে বুঝতে হবে মাটিতে অত্যধিক জল জমে রয়েছে। তখন সঙ্গে সঙ্গে মাটি বদলে দিতে হবে। অন্যদিকে সার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। কারণ অত্যধিক সারের ফলে গাছ মরে যেতে পারে।
  • বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে গাছের গোড়ায় কতটা জল জমছে সেদিকে বিশেষ নজর দিতে হবে। আসলে গাছে নানারকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই সময়ে। সেক্ষেত্রে রাসায়নিক স্প্রে করতে হবে।
আরও Monsoon Tree Wet Season