অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: ইউপিএসসি (UPSC) পরীক্ষাকে শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বেই অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। বহু পরীক্ষার্থী প্রতিবছর এই পরীক্ষায় বসেন। দীর্ঘদিনের প্রস্তুতি ও অনুশীলন সত্ত্বেও ব্যর্থ হন অনেকেই। আবার কেউ কেউ বারংবারের চেষ্টায় অর্জন করে নেন সাফল্য। কিছুজনের স্বপ্ন পূরণ হয়, আর বাকিদের থেকে যায় অধরাই। আজ শোনাবো এমন এক লড়াকু মানসিকতার মানুষের কথা যিনি একসময় চরম আর্থিক সংকটে ভুগেছেন ও এক ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সেই বিশ্বাসঘাতকতাই তাঁকে ইউপিএসসি-এর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তিনি হলেন আইএএস নিরিশ রাজপুত (UPSC Success Story of IAS Nirish Rajput)। আসুন তাঁর সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
খবরের কাগজ বিক্রি করে পড়াশোনার খরচ জোগাড় করেন নিরিশ
মধ্য প্রদেশের ভিন্দ জেলার ছোট্ট গ্রামের বাসিন্দা নিরিশ রাজপুত তাঁর জীবনে অনেক কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন। তাঁর বাবা পেশায় ছিলেন একজন দর্জি। অভাব অনটনের মধ্যেই কেটেছে নিরিশের শৈশব। এমনকি তাঁর কাছে পড়াশোনার খরচ যোগানোর মতো টাকাও ছিল না। ফি জোগাড় করার জন্য নিরিশ বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দিতেন। তবে, পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন তিনি। বি.এসসি এবং এম.এসসি – দুই পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেন। এমন কঠিন পরিস্থিতি সত্ত্বেও, তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন বলে দৃঢ় অঙ্গীকার করেন এবং সফলভাবে একজন আইএএস অফিসারও হন।
নিরিশ রাজপুতের বাড়িতে আর্থিক সংকট তো লেগেই ছিল, তার উপর এক ঘনিষ্ঠ বন্ধু বিশ্বাসঘাতকতা করে তাঁর কষ্ট আরও বাড়িয়ে দেয়। নিরিশের সেই বন্ধুটি একটি ইউপিএসসি কোচিং ইনস্টিটিউট খুলেছিল, যেখানে নিরিশ ছাত্রদের পড়াতেন। কিন্তু দু’বছরের কঠোর পরিশ্রমের পর যখন ইনস্টিটিউটটি উন্নতি করতে শুরু করে, তখন সেই বন্ধু তাঁকে ইনস্টিটিউট থেকে বের করে দেয়। রাতারাতি কাজ হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। তবে, তিনি নিজে ভেঙে পড়েননি, সিদ্ধান্ত নেন ইউপিএসসি পাস করে তিনি তাঁর সাথে হওয়া সকল অন্যায়ের যোগ্য জবাব দেবেন।
আরও পড়ুন: UPSC-র ইন্টারভিউতে যাওয়ার ছিল না টাকা, দারিদ্র্যের সাথে লড়াই করে IAS দিনমজুরের মেয়ে
এই বিশ্বাসঘাতকতার পর নিরিশ দিল্লিতে চলে যান। সেখানে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। কিন্তু কোনও কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার মতো টাকা নিরিশের কাছে ছিল না। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন আরেক বন্ধু। তার কাছ থেকে নোট ধার করেই পড়াশোনা করতেন নিরেশ। তবে এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন, বারংবার পরীক্ষায় বসেন কিন্তু আশানুরূপ ফল করতে পারেন না। তবে নিজের কঠোর পরিশ্রমের জোরে নিরিশ অবশেষে ২০২০ সালে তাঁর চতুর্থ প্রচেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৩৭০ তম র্যাঙ্ক অর্জন করেন এবং একজন আইএএস অফিসার হন।










