‘ভয় দেখানো হচ্ছে..’ ভোট দিয়েই অবজার্ভারদের নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: জোর কদমে প্রতিটা কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। বেশ চিন্তায় রয়েছে ১৪২টি আসনে একঝাঁক হেভিওয়েট প্রার্থী। আর এই আবহে সকাল সকাল কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বেরিয়েই তিনি মিডিয়ার সামনে অবজার্ভারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। শুধু তাই নয়, বিজেপিকেও কটাক্ষ করলেন তিনি।

বিজেপিকে তুলোধোনা অভিষেকের

ভোট প্রদানের পরেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা জানেন, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদের ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষের নাম বাদ দিয়েছে। এতে কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গিয়েছে। এই দফাতেও দফারফা হবে।” এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কিছু কিছু জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি আমরা। এই প্রসঙ্গে সেন্ট্রাল অফিসারের সঙ্গে কথা বলছি। আশা রাখছি দ্রুত সবকিছুর নিষ্পত্তি হয়ে যাবে। আমি সবাইকে বলব আপনারা নির্ভয়ে ভোট দিন।”

অবজার্ভারদের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিষেক

অবজারভারদের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও অবজার্ভারকে অধিকার দেওয়া হয়নি যে বাড়ি বাড়ি গিয়ে রেইড করার। নির্বাচন কমিশনের গাইডলাইনে এমন কোনো তথ্য দেওয়া নেই। অবজার্ভাররা নির্বাচন কমিশনের চোখ ও কান হিসাবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপি-কে। সেই রিপোর্ট যাবে নির্বাচন কমিশনের কাছে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে কী করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে ধমকানো-চমকাচ্ছেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনও কেস নেই, সেই সব তৃণমূল কর্মীদের শাসাচ্ছে-চমকাচ্ছে। এইসব করে কোনও লাভ হবে না। সবশেষে আমাদেরই জয় হবে।”

আরও পড়ুন: সাতসকালেই ময়দানে নামলেন মমতা, কড়া নজর ভবানীপুরের বুথে বুথে

প্রসঙ্গত, দ্বিতীয় দফা নির্বাচনের দিন সকাল সকাল নিজের কেন্দ্রে বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত প্রতিবার ভোটের দিন সকালে বাড়িতেই থাকেন মমতা। পরে বেলার দিকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন এল। ভোটের দিন সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করলেন ফিরহাদ হাকিমের সঙ্গে। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আজ সারাদিন বুথে বুথে নজরদারি চালাবেন তিনি।