সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনীতি। এ নিয়ে মঙ্গলবার তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল। তবে তার আগেই পুলিশকে ইমেইল পাঠালেন অভিষেক। সাংসদের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর বা নোটিশ কপি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেই নেই।
পুলিশকে ইমেইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ঘটনার সূত্রপাত হয়েছিল বৃহস্পতিবার। পুরসভার আধিকারিকরা পুলিশবাহিনী নিয়ে হাজির হন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। ওই পার্টি অফিস থেকেই ক্ষমতায় থাকাকালীন একাধিক কার্যকলাপ চালানো হত বলে খবর। তবে পুরসভার আধিকারিকদের দাবি, ওই ভবনের বিলবোর্ড বেআইনিভাবে লাগানো। তাই সেটি অবিলম্বে খুলতে হবে। তবে প্রথমে অভিষেকের সাথে আধিকারিকদের বাকবিতণ্ডা হলেও, পরে জোরপূর্বক তারা সেই বিলবোর্ড খুলে ফেলেন বলেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। এমনকি এ নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
তবে উচ্চ আদালতের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু বিলবোর্ড ইতিমধ্যেই খোলা হয়েছে, তাই এই মামলার কোনও প্রাসঙ্গিকতা নেই। এ বিষয়ে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এদিকে মঙ্গলবার শেক্সপিয়র থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তবে তার আগেই কলকাতা পুলিশকে ইমেইল পাঠিয়ে সাংসদের দাবি, বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের বাড়িতে যে নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশের কোনও কপি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নেই। যদিও কলকাতা পুলিশ পাল্টা প্রমাণসহ ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়েছে বলেই জানান অভিষেকের আইনজীবী অর্ক নাগ।
আরও পড়ুন: এবার উজবেকিস্তানেও চলবে ভারতের UPI, বিরাট চুক্তি স্বাক্ষর প্রধানমন্ত্রীর
বিলবোর্ড কাণ্ডে পাল্টা পদক্ষেপ অভিষেকের
আইনজীবীর কথায়, “ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খোলার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ নোটিশ দিলেও তার কোনও কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি ইমেইল পাঠিয়ে প্রশ্ন করা হয়েছে, কেন ওয়েবসাইটে তা আপলোড করা হয়নি। সেটাকে একটা ত্রুটি বলেই পুলিশকে মনে করিয়ে দেওয়া হয়েছে। যদিও পরে পুলিশ ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়েছে।” এখন দেখার মঙ্গলে অভিষেক আদৌ হাজিরা দেন কিনা।










