আরামবাগে তুঙ্গে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, নব্য বনাম পুরনোর লড়াইয়ে আহত একাধিক

Published:

Arambagh

সৌভিক মুখার্জী, আরামবাগ: এবার বিজেপির দুই সংগঠনের মধ্যেই রক্তারক্তি কাণ্ড! নব্য বনাম পুরনো কর্মীদের মধ্যে চরম সংঘর্ষে রণক্ষেত্র হুগলির আরামবাগ (Arambagh)। সম্প্রতি বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রত্যেকটি জেলার সভাপতি নির্বাচিত করা হয়েছে। তবে বিজেপি সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানেই রক্তারক্তি। এদিন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রশান্ত অধিকারীর সংবর্ধনা এবং বাইক র‍্যালিকে কেন্দ্র করেই ছড়ায় এই উত্তেজনা। ঘটনায় গুরুতর আহত একাধিক কর্মী।

বিজেপি কর্মীদের সংঘর্ষে রক্তাক্ত আরামবাগ

সূত্রের খবর, গতকাল দিনভর প্রশান্ত অধিকারীর সংবর্ধনা অনুষ্ঠান চলে আরামবাগজুড়ে। এমনকি বিশাল বাইক র‍্যালির আয়োজনও করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। তবে রাতের দিকে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগের বাতানল এলাকা। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এমনকি দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপির এক পক্ষের বিরুদ্ধে। এর জেরেই একাধিক কর্মী গুরুতর আহত হন।

জানা গিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। যদিও একপক্ষ নিজেদের ‘পুরনো কর্মী’ দাবি করে জানিয়েছে, তাঁরা ২০১৬ সাল থেকেই বিজেপি দলের সঙ্গে যুক্ত এবং তাঁরা মন থেকেই এই দলটা করে। তাঁদের অভিযোগ, ৪ তারিখ পালাবদলের পর যারা রাতারাতি বিজেপিতে যোগদান করেছে, তারাই তাঁদের উপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ‘SIR-র জন্যই ৩১ আসনে হার’ তৃণমূলের দাবি খারিজ করে সুপ্রিম কোর্টে যা জানাল কমিশন

তবে অন্য পক্ষের অভিযোগ, বাইক র‍্যালি থেকে বাড়ি ফেরার সময় তাঁদের উপর আচমকা হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়েই আরামবাগ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এমনকি দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই রাতেই চারজনকে আটক করা হয়েছে এবং ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া হাসপাতাল চত্বর থেকেও একজনকে আটক করা হয়েছে বলে খবর। তবে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

google button