বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মূল কার্যত উপড়ে ফেলেছে ভারতীয় জনতা পার্টি! আর তারপর থেকেই একে একে তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের সঙ্গীরা সঙ্গ ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যেই তৃণমূলের 60 এর বেশি জয়ী বিধায়ক নতুন তৃণমূলে যোগদান করেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন 42 বছরের রাজনৈতিক সঙ্গী কাকলী ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ। সেই তালিকাটা আরও লম্বা হতে পারে বলেই দাবি করেছেন বারাসাতের এমপি। এমতাবস্থায়, তৃণমূলের বড় পদ থেকে সরানো হল দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)।
বড় পদ হারালেন দেবাংশু ভট্টাচার্য
ছাব্বিশের নির্বাচনে দলের নৌকো উল্টে যেতেই উধাও হয়ে যান এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটানো দেবাংশু ভট্টাচার্য। মাঝে তৃণমূল কংগ্রেসে হাজারো ঝড় বয়ে গেলেও প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাঁকে। এমনকি দলের কর্মী সমর্থক সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়াননি তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ বিতর্কিত মন্তব্য করেছেন দেবাংশু। ওই বার্তায় নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি। আর তারপর পরই তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরানো হল হুগলির চুঁচুড়ার পরাজিত প্রার্থীকে।
জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে বারবার তৃণমূলের হয়ে সোচ্চার হওয়া দেবাংশু ভট্টাচার্যকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন করা হয়েছে নেট দুনিয়ার পরিচিত মুখ উপাসনা চৌধুরীকে। অনেকেই মনে করছেন, বাকিরা চলে গেলেও দল এবং দিদির হয়ে এখনও লড়াই করে যাচ্ছেন উপাসনা। আর তারই ফল এবার হাতে নাতে পেলেন তিনি।
অবশ্যই পড়ুন: জুলাইতে ৩% বাড়ছে DA? নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় খবর
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পরই রাজ্যে শুরু হয়েছে ধরপাকড়। একে একে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রীরা। ঠিক সেই আবহে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় উদয় হয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন দেবাংশু। পোস্ট করে জানান, “কিছু কিছু চোর, ডাকাতদের গ্রেফতারি দেখে কী যে আনন্দ পাচ্ছি। বলে বোঝানো যাবে না।” হঠাৎ দলের দুঃসময়ে দেবাংশুর এমন বক্তব্য শুনে অনেকেই মনে করছেন, ডিম থেরাপির হাত থেকে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একসময়ের দক্ষ সৈনিক।










