প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই বিজেপি সরকার আসন্ন দুর্গাপুজোকে (Durga Puja 2026)কেন্দ্র করে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে। প্যান্ডেলের গঠন, প্রতিমার রূপ এবং নানা আচার অনুষ্ঠান নিয়ে একের পর এক নিদান দিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। এমনকি দুর্গাপুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টল (Durga Puja Book Stalls) নিয়েও মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আর এই অবস্থায় শোনা যাচ্ছে প্যালেস্টাইনের থিমে (Palestine Theme) নাকি বামেদের স্টল বসবে পুজোয়।
বামেদের স্টল নিয়ে বাড়ল বিতর্ক
৩৪ বছরের বাম শাসনে দুর্গাপুজোকে সার্বজনীন উৎসবের রূপ দিতে চেয়েছিল তৎকালীন সরকার। তাই শারদোৎসব নাম দিয়ে বইয়ের স্টলের মাধ্যমে জনসংযোগ ও আদর্শ প্রচারই ছিল তাদের মূল লক্ষ্য। আজও সেই স্টল প্রথা পুজোর সময় দেখা যায় জেলায় জেলায়। কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বামেদের এই স্টল সংস্কৃতি নিয়ে অস্বস্তি ও আপত্তি দানা বাঁধতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে, দুর্গাপুজোয় ‘পুজো’ শব্দটি বাদ দিয়ে তথাকথিত বামপন্থীরা যদি স্টলে কেবল ‘শারদোৎসব’ লেখেন, তবে সেই স্টল বাতিল করা হবে।
প্যালেস্টাইনের থিমে হবে বামেদের বুক স্টল
আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চায় না যে সনাতন ধর্মকে কালচারাল বা নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে কেউ দেখুক, বরং দুর্গাপুজোকে ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই যাতে সবাই মানে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে বামপন্থীরা সরাসরি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত না থাকলেও পুজোর ভিড়ে জনসংযোগের সুযোগ ছাড়ে না। তাই এবার বামেরা সিদ্ধান্ত নিয়েছে পুজোয় এবার প্যালেস্টাইনের থিমে বইয়ের স্টল দেওয়া হবে। আর সেই নিয়ে এবার সরাসরি সাংবাদিকদের সামনে মুখ খুললেন SFI-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর।
আরও পড়ুন: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নামে ঘুষ! পূর্ব মেদিনীপুরে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
কী বলছেন দীপ্সিতা ধর?
দুর্গাপূজায় বামেদের স্টল নেওয়ার প্রসঙ্গে এদিন দীপ্সিতা ধর জানান, “দুর্গাপূজায় আমাদের যতগুলো বামপন্থীদের বইয়ের স্টল থাকবে সব কটি প্যালেস্টাইনের থিমে বানানো হবে। মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী কে সর্বপ্রথম নিজের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমরা বরাবরই প্যালেস্টাইনের মুক্তির পক্ষে ছিলাম। মনে রাখতে হবে আরব দেশগুলো বাদ দিয়ে ভারত একমাত্র দেশ ছিল যে প্যালেস্টাইনকে সাপোর্ট করেছিল। গান্ধীজিও সাপোর্ট করেছিল। এমনকি অটলবিহারী বাজপেয়ী নিজেও বলেছিলেন যে প্যালেস্টাইনের মানুষের স্বাধীন হওয়া খুব জরুরি। আগে ইতিহাস জানুক তারপর কথা বলবেন।”










