প্রীতি পোদ্দার, কলকাতা: এ কী কাণ্ড! ৫৪ বছর সংসার করে, পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাজগঞ্জের (Rajganj) প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় (Khageshwar Roy)। তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। এদিকে এই নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই বেরিয়ে এল দ্বিতীয় বিয়ের আসল কারণ।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন বিধায়ক
রিপোর্ট অনুযায়ী, রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার খবরটি সত্যি হলেও তিনি কোনো নতুন পাত্রীর সাথে জীবন শুরু করতে চলেছেন তা কিন্তু নয়, জানা গিয়েছে, তিনি নিজের বর্তমান বিবাহিত জীবনসঙ্গিনীকেই আবার বিয়ে করতে চলেছেন। আসলে এই অদ্ভুত পরিস্থিতির পেছনে রয়েছে পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুতর আইনি জটিলতা। প্রাক্তন বিধায়ক হিসেবে তাঁর যে সরকারি পেনশন প্রাপ্য, তা বর্তমানে আটকে রয়েছে। আদালতের নিয়ম, তিনি যে বিবাহিত, তার একটি নির্দিষ্ট আইনি শংসাপত্র প্রমাণ হিসেবে জমা দেওয়া বাধ্যতামূলক। আর তাই এই পদক্ষেপ।
কী বলছেন খগেশ্বর রায়?
জানা গিয়েছে, রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় প্রথমে যখন বিয়ে করেছিলেন প্রতিমা রায়কে তখন শুধুমাত্র সামাজিক মতেই করেছিলেন। কিন্তু প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন পেতে হলে এবার তাঁকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে। তাই আজ,বুধবার জলপাইগুড়িতে রেজিস্ট্রি ম্যারেজ করবেন স্ত্রী প্রতিমা রায়। এদিকে সামাজিক বিয়ের আইনি স্বীকৃতি নিয়ে স্বামী-স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত। এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায় জানান যে, “আইনি প্রক্রিয়া যা বলা আছে তা তো মানতেই হবে। তাই নিজের স্ত্রীকেই আবার বিয়ে করতে হবে।”
আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের তরফে ভোটে টিকিট পাননি খগেশ্বর রায়। যা নিয়ে দলের প্রতি সামান্য ক্ষুব্ধতা তো রয়েছেই তাঁর মনে। এদিকে এইমুহুর্তে বিধায়ক পদ নেই। পাশাপাশি দলও রাজ্যে ক্ষমতা থেকে বেরিয়ে গেছে। এমতাবস্থায় পেনশন পাওয়ার জন্য ফের বিয়ে করতে চলেছেন শুনে খবরের শিরোনামে উঠে এলেন রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। যদিও দলের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।










