২১ জুলাইয়ের আগেই দলে থাকা বেইমানদের তাড়াতে চাইছেন মমতা? জানালেন নিজেই

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন পুরনো সঙ্গীদের দলত্যাগে একটু একটু করে ছোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল (Trinamool Congress) ত্যাগ করেছেন বর্ষিয়ান নেতা মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডলও। পরবর্তীতে তৃণমূল ছেড়ে যাওয়ার আগে দলের অন্দরেই থাকা বেইমানদের উদ্দেশ্যে এবার বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ফের ফেসবুক লাইভে এসে মমতা জানিয়ে দিলেন, দল ছাড়ার হলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে।

বেইমানদের দল থেকে তাড়াতে চাইছেন মমতা?

বুধবারের পর ফের বৃহস্পতিবার ফেসবুক লাইভে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষত নিজের কর্মীদের উদ্দেশ্যে একুশে জুলাইয়ের বার্তা দিতেই লাইভে এসেছিলেন মমতা। আর সেই ফেসবুক লাইভ থেকেই দলের অন্দরে এখনও থেকে যাওয়া সম্ভাব্য বেইমানদের দল ছাড়ার অনুরোধ করলেন তৃণমূল নেত্রী। এদিন নিজের ফেসবুক লাইভ থেকে মমতা বললেন, “যাদের যাদের যাওয়ার আছে, বিজেপির চাপে, পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ মামলার চাপে, তাঁদের হাত জোড় করে অনুরোধ করছি একুশে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলুন। লোটা কম্বল নিয়ে চলে যান।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলে দিলেন, “আমরা যে দলটা গড়ছি সেই দলটাকে দয়া করে কলুষিত করবেন না। আপনি চাইলে দল ছাড়তেই পারেন, এতে আমরা দুর্বল হয়ে যাব না।” একুশে জুলাই নিয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন, “একুশে জুলাই থেকেই আমাদের নতুন করে পথচলা শুরু। কে আসবেন কে আসবেন না তাতে কিছু যায় আসে না। সবাই চলে গেলে যাঁরা পড়ে থাকবেন তাঁরাই আমার সোনার খনি। আমরা নতুন করে আবার পথ চলা শুরু করব।”

অবশ্যই পড়ুন: “ওদের আমার জানা আছে” স্পেনকে পাত্তাই দিচ্ছেন না মেসি!

নির্বাচনে দলের ভরাডুবির পর প্রিয় সঙ্গীদের দলত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় আদতেই যে মেনে নিতে পারছেন না তা বুঝিয়ে দিচ্ছে তাঁর দৈহিক আচরণ এবং মুখভঙ্গি,  মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। তবে মমতার স্পষ্ট দাবি, কে গেল আর কে আসলো, তাতে কিছুই থেমে থাকবে না। তিনি 2026 এও নতুন করে দল গড়ে তোলার ক্ষমতা রাখেন।