‘১৫ বছর ধরে জঙ্গলরাজ চলছে’ আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Published:

Chandranath Rath Death Incident

প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তপ্ত মধ্যমগ্রাম, গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে (Chandranath Rath Murder) ফুঁসছে বিজেপি নেতা কর্মীরা। রাতের অন্ধকারে প্রকাশ্যে রাস্তায় এই নৃশংস খুনের তদন্তে আপাতত রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে একটি পূর্বপরিকল্পিত কাজ বলে আখ্যা দিয়েছেন শুভেন্দু। তাঁর বিশ্বাস পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।

খুনের ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

বুধবার হাসপাতাল চত্বর থেকে শুভেন্দু অধিকারীর দাবি, “ ১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি এবং মহা জঙ্গলরাজ চলেছে। চন্দ্রনাথকে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। গত কয়েক দিন ধরেই ঘাতকরা এলাকায় রেকি করেছিল।” তবে এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকার সম্ভাবনা উসকে দিলেও, এখনই নির্দিষ্ট কারও নাম নিতে নারাজ শুভেন্দু। আপাতত তিনি চান পুলিশই আসল অপরাধীদের খুঁজে বের করুক। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, “দিল্লি থেকে আমাদের সমগ্র নেতৃত্ব এ বিষয়ে খবর পেয়েছে। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীনের সঙ্গে কথা বলেছেন।”

তৃণমূলকে দায়ী করছে বিজেপি

খুনের এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে সরাসরি দোষারোপ না করলেও, বিজেপির একাধিক নেতা এই ঘটনার জন্য অভিষেক এবং মমতাকে দায়ী করেছেন। একদিকে বিজেপি নেতা অর্জুন সিং যেমন অভিযোগ করেছেন যে, এই হত্যাকাণ্ডটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ঘটিয়েছেন, ঠিক তেমনই বিজেপিও নেত্রী অগ্নিমিত্রা পালও এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে। তাঁর দাবি “ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে। এর শেষ দেখে ছাড়ব।”

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পার তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য পাওয়া গিয়েছে। এমনকি খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও তাতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল। খোদ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ঘটনাস্থলে এসে তদন্তের তদারকি করছেন। শুভেন্দু অধিকারীর দাবি, সঠিক তদন্তের স্বার্থেই ফুটেজের বিষয়ে কোনও তথ্য চাওয়া হয়নি পুলিশের কাছ থেকে। শুভেন্দুর বিশ্বাস, দোষীরা দ্রুত ধরা পড়বে। তবে রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখতে বিজেপির পক্ষ থেকে প্রাক্তন IPS আধিকারিক ভারতী ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিয়মিত পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: টানা ৩ দিন বাংলার গুরুত্বপূর্ণ লাইনে বাতিল ট্রেন, সংক্ষিপ্ত হবে যাত্রা! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

প্রসঙ্গত, গতকাল, বুধবার রাতে এলাকায় যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি এবং শুভেন্দু অধিকারী দুজনেই দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মধ্যমগ্রামের বুকে এই ধরনের ভয়ংকর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম ও কংগ্রেসও। এদিকে তৃণমূলের তরফেও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে সেইসঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তিনজন তৃণমূলকর্মীরও মৃত্যু হয়েছে। গত তিনদিন ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।