বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রাজনীতিতে তেমন একটা ছাপ ফেলতে পারেনি। এক কথায়, অস্তিত্বহীন দল। আর সেখানেই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) 20 জন বিদ্রোহী সাংসদ। সূত্রের যা খবর, রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করে কাকলী ঘোষ দস্তিদাররা জানিয়ে এসেছেন তাঁরা ত্রিপুরার দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিতে চলেছেন। বলাই বাহুল্য, রাজনীতিতে কার্যত অস্তিত্বহীন এই দলের অফিস রয়েছে বাংলার হাওড়ায়। কিন্তু কেন হঠাৎ এই দলেই নাম লেখালেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?
হঠাৎ কেন এনসিপিআইতে যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদরা?
খোঁজখবর নিয়ে জানা গেল, 2023 সাল নাগাদ এনসিপিআই নামক দলটি আরইউপিপিতে তালিকাভুক্ত হয়েছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যুক্ত হওয়ার পর এই দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করে। তবে ফল খুব একটা ভাল হয়নি। এদিকে ত্রিপুরার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেউই সেভাবে সে রাজ্যের এই দল সম্পর্কে তথ্য দিতে পারছেন না। তৃণমূলের বাঁকুড়ার সাংসদ তথা বিদ্রোহী অরূপ চক্রবর্তী শুধু বলেছেন এই দলের জন্মক্ষেত্র ত্রিপুরা। এও জানা গিয়েছে, 2023 সালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ার পরই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে চৌমানু এবং উনকোটি জেলার কৈলাসহর থেকে প্রার্থী দিয়েছিল এই দল।
ANI-র রিপোর্ট অনুযায়ী, আবার নির্বাচন কমিশনের একটি তালিকা থেকে জানা গিয়েছে 2022 সালে অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে নথিবদ্ধ হয়েছিল ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া। রবিবার দুপুরেই শোনা গিয়েছিল, তৃণমূল থেকে আলাদা হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলীরা আলাদা ব্লক গড়ে তুলবেন। এরই মাঝে দুপুরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের বৈঠক চলাকালীন ওম বিড়লার কাছে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি জমা দেন লোকসভার সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
অবশ্যই পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসে ৫০০ নৌকায় হতে চলেছে যোগাভ্যাস, তৈরি হবে বিশ্বরেকর্ড
স্পিকারকে দেওয়া অভিষেকের এই চিঠিতে লেখা ছিল, “তৃণমূল একটি অখন্ড রাজনৈতিক দল। আইনতভাবে তৃণমূল একটি মাত্র দল। তাই কোনও গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীকে যেন স্বীকৃতি না দেওয়া হয়।” এমন আবেদনের পরই নিজেদের কৌশল বদলে ফেলেন কাকলীরা। শেষ পর্যন্ত তড়িঘড়ি ভারতের রাজনীতিতে অস্তিত্বহীন বা সে অর্থে স্বীকৃতি পায়নি এমন দল এনসিপিআইতে যোগদানের সিদ্ধান্ত নিলেন তৃণমূল ত্যাগী সাংসদরা। যদিও খাতায় কলমে এই দলে থাকলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন তাঁরা।










