এবার NCPI-তে রাজীব কুমার? কাকলীদের সাথে এক টেবিলে তৃণমূল সাংসদ

Published:

Rajeev Kumar

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কি আরও ছন্নছাড়া হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এমনিতেই ভোটে ভরাডুবির পর একদিকে লোকসভা ভেঙে খানখান। ২০ জনের বেশি সাংসদ যোগ দিয়েছেন এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে। অন্যদিকে বিধানসভার সিংহভাগ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ভালো তৃণমূল। এর পাশাপাশি হাতছাড়া হয়েছে রাজ্যসভার সাংসদরাও। ইতিমধ্যেই চারজন সাংসদ মমতার মায়া ত্যাগ করেছেন! যাদের মধ্যে তিনজন আবার যোগ দিয়েছেন বিজেপিতে। এবার জল্পনা ছড়াল রাজ্যসভার আরেক সাংসদ রাজীব কুমারকে (Rajeev Kumar) নিয়ে।

শিবির পরিবর্তন করছেন রাজীব কুমার?

তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ভরসা করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার নির্বাচনে হারের পর রাজ্যসভার চারজন সাংসদ যথা কোয়েল মল্লিক, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তৃণমূল ছাড়েন। এমনকি তাঁদের মধ্যে কোয়েল মল্লিক বাদে বাকি তিনজন বিজেপিতে যোগদান করেছেন, যা নিয়ে বঙ্গের রাজনীতিতে তুমুল উত্তেজনা। তবে এবার রাজীব কুমারকে নিয়েই তৈরি হল জল্পনা। তিনিও কি শিবির পরিবর্তন করে নিজেকে বিদ্রোহী ঘোষণা করছেন? এমনকি সবথেকে বড় ব্যাপার, শহীদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু ১৫ দিন যেতে না যেতেই বিদ্রোহী টেবিলে রাজীব।

আসলে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনার জন্য সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বাংলার সমস্ত সাংসদদের বৈঠকে ডাকেন। আর উক্ত বৈঠকেই বিজেপি এবং এনসিপিআই সাংসদদের পাশাপাশি উপস্থিত থাকেন তৃণমূলের তরফ থেকে রাজ্যসভার সাংসদ রাজীব কুমার এবং লোকসভার প্রতিমা মন্ডল। তবে সেখানেই এনসিপিআই মুখপাত্র কাকলী ঘোষ দস্তিদারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় রাজীব কুমারকে। সেখান থেকেই তৈরি হয় জল্পনা যে রাজীব কুমার এবার শিবির পরিবর্তন করছেন।

আরও পড়ুন: যে কোনও সময় করা হতে পারে গ্রেফতার! সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

এমনকি কাকলী ঘোষ দস্তিদার নিজেই একটি পোস্ট করেন। আর সেখানে রাজীব কুমারকে একসঙ্গেই বসতে দেখা যায়। পাশাপাশি তিনি সেখানে লেখেন, ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার দাবিতেই ছিল বৈঠক। আসলে তৃণমূলের পতনের পর রাজীব কুমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় জল্পনা। কারণ দলের কোনও কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেননি। যদিও শেষবার শহীদ দিবসে দেখা যায় রাজ্যসভার এই সাংসদকে। কিন্তু তিনি শিবির পরিবর্তন করছেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।