পুজোর নিরামিষ খাবারে আনুন নতুন স্বাদ, বানিয়ে ফেলুন কুমড়োর ছক্কা, রইল রেসিপি

Published:

Kumror Chokkha

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গা পুজোর (Durga Puja 2026) সময় মায়ের বিসর্জনের আগে অবধি নিরামিষ আহার করে থাকেন অনেকেই। তাই প্রতিদিন নিত্যনতুন ভিন্ন স্বাদের নিরামিষ রান্না করাও বেশ চাপের হয়ে যায়। তবে সেক্ষেত্রে খানিকটা স্বস্তি দেয় কুমড়ো (Pumpkin)। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় নিরামিষ কুমড়ার ছক্কা (Kumror Chokkha)। রুটি কিংবা লুচির সঙ্গে এই তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রেসিপিটি কীভাবে তৈরি করা হয় শিখে নেওয়া যাক।

উপকরণ

কুমড়োর ছক্কা রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – কুমড়ো, আলু, আদা, কাঁচালঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি শুকনো কড়াইতে ১/২ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ মৌরি ও একটি শুকনো লঙ্কা একদম অল্প ফ্লেমে হালকা ভেজে নিতে হবে। এরপর সেগুলি ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো বানিয়ে নিতে হবে।
  • এরপর কুমড়োর খোসা ছাড়িয়ে সেগুলিকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। একইভাবে কয়েকটি আলুর খোসা ছাড়িয়ে সেগুলিকেও ছোট ছোট ডুমো ডুমো আকারে কেটে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা কুচি কাঁচালঙ্কা এবং এক চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে মিহি মিশ্রণ করে নিতে হবে।
  • এবার তরকারির মশলা বানানোর জন্য একটি বাটিতে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং ১ চা চামচ ধনে গুঁড়ো ভালো করে জলের সাহায্য নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে কেটে রাখা কুমড়ো গুলো হালকা ভেজে নিতে হবে।
  • কুমড়ো ভাজা হয়ে গেলে সেগুলি অন্য পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে অল্প আঁচে এক এক করে ১ চা চামচ পাঁচফোড়ন, ২ টো তেজপাতা এবং ২ টো শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সেগুলির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে নুন। এইসময় গ্যাসের ফ্লেম মাঝারি করে নিতে হবে।

আরও পড়ুন: প্যান্ডেল হপিং করতে গিয়ে পায়ে পড়ছে ফোস্কা! ব্যথা কমাতে কী করবেন, রইল টিপস

  • আলুগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন খানিক সেদ্ধ এবং ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে সামান্য হিং দিয়ে দিতে হবে। তারপরেই ৫০ গ্রাম ভিজানো ছোলা এবং নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট পর এবার ওই ভাজা আলুর মধ্যেই দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা।
  • আলুর সঙ্গে আদা কাঁচালঙ্কার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা ঢেলে দিতে হবে। তিন থেকে চার মিনিট ভালো করে সেই মসলার মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর ভেজে রাখা কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। একেবারে তখনই স্বাদমতো নুন চিনি দিয়ে মাখিয়ে অন্তত ৫-৬ মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।
  • কুমড়োটা যখন ভালো করে কষে আসবে তখন ওর মধ্যে গ্রেভির পরিমাণ অনুযায়ী সামান্য জল দিয়ে ফোটাতে হবে। যখন তরকারিটা মাখোমাখো হয়ে আসবে তখন ওর মধ্যে গরম মশলার গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি কুমড়োর ছক্কা।
google button