নিরামিষ দিনে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু সাবুর খিচুড়ি, রইল রেসিপি

Published:

Sabur Khichuri

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, শুধু কি তাই, পুজোর বাড়ি হোক বা নিরামিষ রান্নার দিনে খিচুড়ি (Khichuri) হয়ে যায় রান্নাঘরের শো স্টপার। তবে একই স্বাদের খিচুড়ি খেতে সবসময় একদমই মন চায় না, তাই আজ আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে সাবুর খিচুড়ির (Sabur Khichuri) এক অনবদ্য রেসিপি। কীভাবে বানাবেন ভাবছেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

সাবুর খিচুড়ি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল —৫০০ গ্রাম মোটা তানারির সাবু, আলু, বাদাম, ঘি, ১ চা চামচ গোটা জিরে, এক চা চামচ আদা, এক চা চামচ কাঁচা লঙ্কা, টমেটো, চিনি, পাতি লেবুর রস, ধনেপাতা কুচি

রান্নার পদ্ধতি

সাবুর এই সুস্বাদু খিচুড়িটি বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে এই রান্না করা যায়। তাহলে চলুন কীভাবে এই রেসিপিটি বানানো যায়।

  • রান্নার ৫-৬ ঘণ্টা আগে প্রথমে ৫০০ গ্রাম মোটা তানারির সাবু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে, আসলে যত ধুয়ে নেবেন ততই স্টার্চ বেরিয়ে যাবে এবং রান্না করার সময় আর দলা পাকিয়ে যাবে না। এবার ধুয়ে নেওয়ার পর জলে ওই সাবু দানাগুলো ভিজিয়ে রাখতে হবে।
  • এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে আলুগুলো ভালো করে কুক বা সেদ্ধ হয়। এবার সেই সাবুগুলো জল টেনে নিলে সেগুলি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে ঘি-ও ব্যবহার করা যেতে পারে।
  • এবার একটি হামন দিস্তায় সামান্য বাদাম নিয়ে ভালো করে ক্রাস করে নিতে হবে। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে ঘি মিশিয়ে নিতে হবে। তেল এবং ঘি গরম হয়ে এলে ওর মধ্যে এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এবং একে একে দিয়ে দিতে হবে এক চা চামচ আদা এবং ঝাল অনুযায়ী এক চা চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে।

https://youtu.be/DCySkFMOJe4?si=hkoTUIwHjqLRMZUx

আরও পড়ুন: মাখন-গোলমরিচের মেলবন্ধনে বানিয়ে ফেলুন গরম গরম মটন স্টু, রইল রেসিপি

  • মশলা গুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা আলু গুলোকে দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী দিতে হবে নুন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • বাদামগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। এক থেকে দেড় মিনিট পর এবার কড়াইশুটি গুলো দিয়ে দিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল দিয়ে মাখানো সাবু দানা দিয়ে দিতে হবে এবং মিশিয়ে দিতে হবে সামান্য চিনি।
  • ৭-৮ মিনিট ভালো করে সাবুর দানার খিচুড়ি হয়ে এলে ওর মধ্যে শেষের দিকে উপর থেকে সামান্য পাতিলেবুর রস এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি গরম গরম সাবুর খিচুড়ি।