প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার বা ছুটির দিন মানেই বাড়িতে চিকেন বা মটন। যদিও হার্টের কথা মাথায় রেখে বেশিরভাগ চিকেন রান্নাই হয়ে থাকে। তবে ওই একই পদ, হয় কষা মাংস আর নয়ত বা চিকেন কারি (Chicken)। কিন্তু তাতে কি আর রেস্তরাঁর সেই স্বাদ পাওয়া যায়? এদিকে রোজ রোজ বাইরের খাবার (Recipe) খাওয়াও ঠিক নয়। তবে চিন্তা নেই বাড়িতেই সামান্য উপকরণ দিয়েই বানানো যাবে ধাবা স্টাইল কড়াই চিকেন (Kadai Chicken Recipe)। যার স্বাদ হবে অতুলনীয়। রইল রেসিপি।
উপকরণ
ধাবা স্টাইলে কড়াই চিকেন রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল — চিকেন, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আদা কুচি।
রান্নার পদ্ধতি
ধাবা স্টাইলে কড়াই চিকেন বানানো যে খুব কঠিন তা কিন্তু নয়, এটি খুব সহজে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানানো যাবে। কীভাবে? চলুন একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
- প্রথমে বাজার থেকে আনা চিকেনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে চিকেনগুলো হালকা করে ভেজে নিতে হবে। তবে হালকা করে ভাজবেন এপিঠ ওপিঠ।
- ভাজা হয়ে গেলে কড়াই থেকে সামান্য তেল কমিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ২-৩ মিনিট পর ভালো করে মশলা মিশে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চিরে দিতে হবে।
আরও পড়ুন: স্বাদ হবে দ্বিগুণ! একদম নতুন স্টাইলে বানিয়ে নিন রোস্টেড কাতলা কালিয়া, রইল রেসিপি
- টমেটো গুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে ওই মাংস কষার মধ্যে দিয়ে দিতে হবে। এবং সামান্য জল দিয়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ৫ থেকে ৭ মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে টমেটোর গা থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে।এবং হাতা দিয়ে থেতো করে দিয়ে হবে।
- সেদ্ধ টমেটো গুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পুনরায় মাখিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য আদা কুচি এবং ধনেপাতা কুচি। ব্যস তাহলেই তৈরি ধাবা স্টাইলে কড়াই চিকেন। রুটি বা পরোটা বা লুচি দিয়ে গরম গরম খেতে লাগবে বেশ।










