বাদ বিরাট, বুমরাহ! রাখলেন নিজেকে, সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে বিপাকে রাহানে!

Published:

Rahane Test xi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট ছেড়ে নানান মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এবার ভারতের সর্বকালের সেরা টেস্ট দল বেছে নিয়েই খানিকটা বিপাকে পড়লেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাহানের টেস্ট দলে জায়গা হয়নি বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহর। অথচ দলে নিজের নাম ঠিক রেখেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কোহলির মতো একজন ক্রিকেটারকে সর্বকালের সেরা দল থেকে বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাহানের ক্রিকেট জ্ঞান নিয়ে! তবে তিনি অধিনায়ক করেছেন মহেন্দ্র সিং ধোনিকে।

সেরা টেস্ট দল বেছে নিয়ে বিতর্কে রাহানে

লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবে ফরম্যাট ছাড়ার আগে তিনি যা করে দিয়ে গিয়েছেন তা পারবেন না অনেকেই। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ছাড়া টেস্টে বিরাটের মতো রান করতে পারেননি কেউ। লাল বলের ক্রিকেটে 9 হাজার 230 রান করার সাথে সাথে 30টি সেঞ্চুরি এবং 7টি ডবল সেঞ্চুরি রয়েছে তাঁর। এহেন একজন ক্রিকেটারকে সর্বকালের সেরা দল থেকে বাদ দিয়ে সেই জায়গায় নিজেকে রেখেছেন রাহানে। যা খানিকটা বিতর্কিত, সে কথা বলাই যায়।

বলতেই হয়, দেশের হয়ে টেস্টে 85টি ম্যাচ খেলে 12টি সেঞ্চুরি মিলিয়ে 5 হাজার 77 রান করেছিলেন রাহানে। বিরাটকে দল থেকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে রাহানে জানিয়েছেন, কোহলি চিরকাল টেস্টে চার নম্বর পজিশনে খেলে এসেছেন। একই পজিশনে খেলে এসেছেন সচিন। তাই একই জায়গায় দুজন ব্যাটসম্যানকে রাখা যায় না। তাই কোহলিকে বাদ দিয়েছেন তিনি। কিন্তু কোহলির মতো একজন বড় মাপের ক্রিকেটারকে বাদই দিয়ে দেওয়া হল? 5 নম্বরেও জায়গা পেলেন না তিনি! বরং সেই জায়গায় নিজেকে বসালেন রাহানে।

এখানেই শেষ নয়, ভারতীয় তারকার বেছে নেওয়া দলে জায়গা হয়নি রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর। রোহিতের বদলে রাহানে মূল্য দিয়েছেন মুরলী বিজয় এবং শিখর ধাওয়ানকে। অন্যদিকে বুমরাহর পজিশনে তিনি প্রাধান্য দিলেন মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমারকে। আর এই সিদ্ধান্তের কারণে বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন: বিশ্বকাপে দাদাগিরি, ক্যামেরুনকে হারিয়ে আবার জিতল ভারত

রাহানের বেছে নেওয়া সর্বকালের সেরা টেস্ট একাদশ

শিখর ধাওয়ান, মুরলী বিজয়, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।

google button