বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ফুটবল বিশ্ব দেখবে পাকিস্তান বনাম আর্জেন্টিনার ম্যাচ (Argentina Vs Pakistan)! পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সাথে ফুটবল ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল! ইতিমধ্যেই নাকি সেই মর্মে কথাবার্তা একপ্রকার পাকা হওয়ার পথে। সেই ম্যাচে উপস্থিত থাকবেন লিওনেল মেসিও? জল্পনা বাড়তেই উঠছে এমন একগুচ্ছ প্রশ্ন।
সত্যিই কি পাকিস্তানের সাথে খেলবে আর্জেন্টিনা?
পাকিস্তানের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তার সাথে অনলাইনে বৈঠক হয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশনের। সেই বৈঠকেই একাধিক বিষয়ে সহযোগিতা করার আশ্বাস মিলেছে। ফুটবল দলের কোচিং উন্নয়ন থেকে শুরু করে কাঠামোগত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দুই দেশের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের কথাও হয় ওই বৈঠকে। জানা যায়, আর্জেন্টিনায় পাকিস্তানের মিশনের তরফে এই বৈঠক আয়োজন করা হয়েছিল।
অবশ্যই পড়ুন: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ এখন এই ব্যক্তির হাতে, বড় সিদ্ধান্ত নিল BCCI
রিপোর্ট অনুযায়ী, ওই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন সৈয়দ মহসিন গিলানি এবং পাক ফুটবল ফেডারেশনের অ্যাম্বাসেডর হাসান আফজল খান। একইভাবে আর্জেন্টিনার তরফে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সিসকো লেস্মি। জানা যায়, প্রাথমিকভাবে ওই বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে পাকিস্তানের কোচদের আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিয়েও কথা হয়। একই সাথে আলোচনা হয় প্রীতি ম্যাচ আয়োজনের বিষয় নিয়েও।
আর এমন খবর প্রকাশ্যে আসতেই এই প্রশ্ন উঠছে, পাকিস্তান এবং আর্জেন্টিনার মধ্যে প্রীতি ম্যাচ হলে সেখানে কি মেসি উপস্থিত থাকবেন? তাছাড়া আর্জেন্টিনা দলের কোন কোন প্লেয়ার ওই ম্যাচ খেলবেন তা নিয়েও যথেষ্ট কৌতুহলী ফুটবল ভক্তরা। তবে সিংহভাগই মনে করছেন, আলোচনা যেহেতু প্রাথমিক স্তরে রয়েছে সে ক্ষেত্রে এই প্রীতি ম্যাচ আদৌ আয়োজন করা যাবে কিনা তা যথেষ্ট সংশয়ের।










