বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2027 শুরু হতে এখনও অনেকটাই দেরি। আর তার আগেই নিজেদের কোচিং স্টাফে বড় বদল আনল আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হেড কোচের পথ ছেড়ে বিদায় নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। আর তারপরেই মুম্বইয়ের হেড কোচ করা হয়েছে কাইরন পোলার্ডকে। ফলে শূন্যস্থান তৈরি হয়েছিল পোলার্ডের ছেড়ে যাওয়া ব্যাটিং কোচ পদটিতে। এবার সেই আসনে বসানো হল কলকাতা নাইট রাইডার্স দলের (Kolkata Knight Riders) প্রাক্তনী তথা ভারতীয় দলের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে (MI Batting Coach)।
KKR প্রাক্তনীর হাতে মুম্বইয়ের দায়িত্ব
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে দলে একাধিক বদল আনছে আম্বানির MI। বিশেষ করে কোচিং স্টাফে মুম্বই যে বদল আনতে পারে সেটা বোঝা গিয়েছিল আগেই। সেই মতোই, শুক্রবার আনুষ্ঠানিকভাবে MI ম্যানেজমেন্টের তরফে জানানো হল তাদের ব্যাটিং কোচ হচ্ছেন KKR এর প্রাক্তন ক্রিকেটার রবিন। সেই সূত্র ধরেই দীর্ঘ সময় পর মুম্বইয়ের ঘরে ফিরলেন ভারতীয় তারকা।
বলাই বাহুল্য, 2008 সালে মুম্বইয়ের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের সফর শুরু করেছিলেন ভারতীয় তারকা। পরবর্তীতে টি-টোয়েন্টি লিগে নিজের ক্ষমতা দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন 2014 সালে। তারপরই 660 রান তুলে অরেঞ্জ ক্যাপ জেতার সাথে সাথে চ্যাম্পিয়ন দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। পরে যোগ দেন চেন্নাইয়ে। এক কথায়, কলকাতাকে চ্যাম্পিয়ন করা প্রাক্তন ক্রিকেটার এবার মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবল দলে খেলতে মরিয়া ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি তালাল, উদ্যোগী হবে AIFF?
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রবিন উথাপ্পাকে স্বাগত জানানোর সাথে সাথে বোলার লসিথ মালিঙ্গা, পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনের দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর নিশ্চিত করেছিল MI ম্যানেজমেন্ট। একই সাথে নিজেদের নতুন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্লেনাঘানের নাম ঘোষণা করে রোহিতের দল।










