বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মুখজ্জ্বল করলেন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) জওয়ান সাওয়ান বারওয়াল। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের (Asian Games) ম্যারাথনে (Marathon) ভারতের জন্য রূপো জিতে নিয়ে এলেন তিনি। আজ অর্থাৎ 26 সেপ্টেম্বর, ভারতীয় সেনা জওয়ানের এই সাফল্য ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল। কারণ, দেশের হয়ে রূপো জেতার পাশাপাশি একটি বড় রেকর্ডও গড়েছেন তিনি। আসলে দীর্ঘ 44 বছর পর সাওয়ানের হাত ধরে এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে প্রথম পদক এলো ভারতের ঘরে।
44 বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় জওয়ান
এর আগেই শেষবারের মতো এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে ম্যারাথনে ভারতের ঘরে পদক এসেছিল 1982 সালে। এরপর থেকে চলতি এশিয়ান গেমসের আগে পর্যন্ত কেউই ম্যারাথনে ভারতকে পদক এনে দিতে পারেননি। তবে সেই ব্যর্থতা ঘুঁচিয়ে দিলেন ভারতীয় সেনা জওয়ান সাওয়ান। জানা যাচ্ছে, 28 বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড় 42.195 কিলোমিটারের ম্যারাথন দৌড় মাত্র 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে সম্পন্ন করেছেন। সেই সূত্রেই দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ভারতের ঘরে এসেছে রুপোর পদক।
তবে দুঃখের বিষয়, ম্যারাথনে দেশের জন্য রুপোর পদক জিতলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে সোনা। জানলে অবাক হবেন, মাত্র 48 সেকেন্ডের জন্য সোনার পদক জিততে পারেননি ভারতীয় সেনা জাওয়ান। এশিয়ান গেমসের ম্যারাথনে যিনি সোনা জিতেছেন, জাপানের সেই ইচিতাকা ইয়ামাশিতা সাওয়ানের থেকে মাত্র 48 সেকেন্ড আগে ম্যারাথন দৌড় শেষ করেছিলেন। যার জেরে সোনার পদক হাতছাড়া হল ভারতীয় তরুণের।
আরও পড়ুন: এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতল ভারত, মোট কটা মেডেল হল দেশের নামে?
বলাই বাহুল্য, যথাক্রমে জাপান এবং ভারতের দুই প্রতিযোগী এশিয়ান গেমসের ম্যারাথনে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করলেও তিন নম্বরে যাত্রা শেষ করেছেন চিনের পেইয়ু ফেং। তিনি অবশ্য 2 ঘন্টা 12 মিনিট 13 সেকেন্ড সময় নিয়ে নিজের দৌড় শেষ করেছিলেন। যার ফলে, ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই চিনা প্রতিযোগীকে। বলে রাখা প্রয়োজন, এর আগে 1982 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ম্যারাথন প্রতিযোগিতায় শেষবারের মতো দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছিলেন হোসুর কুক্কাপ্পা সিতারান।










