বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট (Test Cricket) ছেড়েছেন বহুদিন হল। কিন্তু তাও ভারতীয় মহাতারকার এই সিদ্ধান্তকে এখনও গ্রহণ করে উঠতে পারেননি প্রাক্তন ক্রিকেটাররা। ইতিমধ্যেই ভারতীয় কিংবদন্তি কপিল দেব কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় খারাপ লাগছে। এবার সেই একই পথ ধরে বিরাটের অবসর নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। জানালেন, ভারতীয় দলের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট থাকার কারণেই নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি।
কোহলির অবসর নিয়ে বড় মন্তব্য কাইফের
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে জানান, “আমি যখনই বিরাট কোহলির সাক্ষাৎকার দেখি, তাঁর মুখে স্পষ্ট অসন্তোষ দেখতে পাই। ফর্ম খারাপ থাকলেও সে বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটেও সে খারাপ দিন দেখেছে। বিরাটের সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায় সে ভারতীয় দলের পরিবেশ নিয়ে মোটেও খুশি ছিল না। মনে হচ্ছে, দলে বিরাট কোহলি সঠিক মূল্যায়ন করা হচ্ছিল না। তাঁর উপর আস্থা রাখছিল না ম্যানেজমেন্ট।”
মহম্মদ কাইফের স্পষ্ট দাবি, “বিরাট কোহলি যদি টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতো, আমার মনে হয় সে নিশ্চয়ই প্রত্যাবর্তন করতো। আর সে প্রত্যাবর্তন করার জন্যই পরিচিত।” 2027 ওয়ানডে বিশ্বকাপের পরেই কি অবসর নেবেন বিরাট কোহলি? এমন প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, “বিরাট 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতের হয়ে খেলবে। তবে সে যেভাবে খেলছে তাতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যাঁরা সিদ্ধান্ত নেবেন তাঁরা চাইবেন বিরাট আরও কিছুটা সময় ওয়ানডে ক্রিকেটে খেলুক। অধিনায়ক গিলকে সাহায্য করুক।”
আরও পড়ুন: পুজোর আগে শপিং করে বাড়ি ফেরা নিয়ে চিন্তা শেষ! চলবে অতিরিক্ত মেট্রো, কবে কবে? দেখুন
কাইফ মনে করেন, বিরাট ওয়ানডে দল থেকে বেরিয়ে গেলে বা অবসর নিয়ে নিলে যথেষ্ট সমস্যায় পড়তে হবে গিলকে! তাঁর কথায়, “বিরাট ওয়ানডে থেকে অবসর নিয়ে নিলে সমস্যায় পড়তে হতে পারে গিলকে। ও যখনই দলে থাকে না তখনই সমস্যায় পরে টিম। কোহলি যত বেশি দলে থাকবে, নিজের সেরাটা দিয়ে খেলবে ততই বেশি ভাল হবে অধিনায়ক শুভমন গিলের জন্য।” সব মিলিয়ে বলাই যায়, কাইফ নিজেও চাইছেন না কোহলি আসন্ন বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিক।










