বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে পরাস্ত করল ভারত। DLS পদ্ধতিতে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ী ঘোষণা করা হল টিম ইন্ডিয়াকে (Team India)। এমনিতেও খেলা যেভাবে গড়াচ্ছিল তাতে জিতেই যেত ভারত। তবে বৃষ্টি এসে কাজটা খানিকটা সহজ করে দিল বৈকি! আসলে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভারতের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল 110 রান। 26 ওভারে কে এল রাহুলরা সেই রান পূরণ করে ফেলায় টানা দুই ম্যাচে পরাজয় দেখতে হল কিউইদের।
পরপর দুই ম্যাচে ভারতের কাছে পরাস্ত নিউজিল্যান্ড
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে একপ্রকার জবাই করেছিল ভারত। সেই পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ের আশা নিয়ে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড বাহিনী। তবে এ দিনের ম্যাচে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যার কারণে বন্ধ করতে হয়েছিল ম্যাচ। ফের খেলা শুরু হলেও কমানো হয়েছিল ওভার। যদিও প্রথম ইনিংসে 134 রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড দল। পরবর্তীতে 135 রানের লক্ষ তাড়া করতে নেমে রোহিত শর্মা করতে পেরেছিলেন মাত্র 23 রান। কোহলি আউট হয়েছিলেন 7 এ। অধিনায়ক গিল এদিন খাতায় সংখ্যা জুড়তে পারেননি।
এক কথায় বলা যায়, শুরুর দিকে নিউজিল্যান্ডের বোলারদের কাছে ধাক্কা খেয়েছে ভারত। মাঝে অবশ্য হাল ধরেছিলেন শ্রেয়স আইয়ার, রাহুলরা। একটু একটু করে লক্ষ্যের খুব কাছেই চলে এসেছিল ভারত। ঠিক তখনই বৃষ্টির কারণে বন্ধ করে দিতে হয় ম্যাচ। আর তার পরেই ভারতের জয়ের লক্ষ্য কমে আসে 110 এ। এদিকে 26 ওভারে 7 উইকেট হারিয়ে ইতিমধ্যেই 113 রান করে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল, ফলে DLS পদ্ধতিতে জয়ী হল তারাই।
আরও পড়ুন: পাকিস্তানের গর্ব চুরমার থেকে পন্টিংকে পেছনে ফেলে ১ নম্বর, জোড়া বিশ্বরেকর্ড রোহিত-বিরাটের
প্রসঙ্গত, এ দিনের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন তিনটি করে উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ড দলের দুই দাপুটে বোলার কাইল জেমিসন ও জ্যাকব ডাফি। দুজনেই এদিন 35 করে রান খরচ করে ভারতের ব্যাটিং অর্ডারকে একপ্রকার ধসিয়ে দিয়েছিলেন। এই দুই ক্রিকেটার ছাড়াও নিউজিল্যান্ডের হয়ে একটি উইকেট তুলেছিলেন ম্যাথিউ ফিশার। তাঁর হাতে বলি হয়েছিলেন অক্ষর প্যাটেল।










