বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দল (Team India) থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন একাধিক ক্রিকেটার। তবে সেই উপেক্ষার তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে মহম্মদ শামি (Mohammed Shami) এবং সরফরাজ খানের। ভক্তরা অপেক্ষা করে থাকলেও বহুদিন জাতীয় দলে ডাক পাননি তাঁরা। প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে ভারতীয় দল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে শামি এবং সরফরাজ খানকে? সম্প্রতি তরুণ ভারতীয় ক্রিকেটার সরফরাজকে নিয়ে জল্পনা বাড়লেও হয়তো টিম ইন্ডিয়ায় আর কখনই জায়গা হবে না শামির! আর এই ঘটনায় অনেকেই হিন্দু, মুসলিম তত্ত্ব খাড়া করছেন! বলছেন, মুসলিম বলেই নাকি শামি, সরফরাজদের উপেক্ষার শিকার হতে হল!
টিম ইন্ডিয়ায় কেন ব্রাত্য এই দুই ক্রিকেটার?
শেষবারের মতো, গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে খেলেছিলেন মহম্মদ শামি। সেই আসরের পর আর টিম ইন্ডিয়ায় দেখা যায়নি ইসলাম ধর্মালম্বী এই ক্রিকেটারকে। মাঝে বেশ কয়েকবার জল্পনা বাড়লে ভারতের অভিজ্ঞ বোলারের ডাক পড়েনি জাতীয় দলে। এর নেপথ্যে অবশ্য নানান কারণ খুঁজে পাচ্ছেন নেট নাগরিকরা। মাঝে শামি প্রসঙ্গে মুখ খুলে প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, তিনি শামির ফিটনেস সম্পর্কে অবগত নন। পরবর্তীতে সেই বক্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন শামিও।
কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, মূলত ফিটনেস ইস্যুতেই নাকি শামিকে জাতীয় দল থেকে দূরে রাখা হয়েছে। কেউ কেউ মনে করছেন, আর কখনই টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক করতে পারবেন না এই ভারতীয় তারকা। যদিও এই ঘটনার নেপথ্যে নেট নাগরিকদের কেউ কেউ শামির ধর্মকে সামনে আনছেন! যদিও শামি মুসলিম বলে তিনি টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না এমন ধরনের কোনও তথ্য আমাদের হাতে নেই। বোর্ডের তরফেও এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।
অবশ্যই পড়ুন: জেনজিদের আন্দোলনের জন্য নয়? ইস্তফার আসল কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান
অন্যদিকে, শেষবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2024 সালের নভেম্বর মাসে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট খেলেছিলেন সরফরাজ খান। এরপর থেকে এই ক্রিকেটারকেও জাতীয় টেস্ট দলে দেখা যায়নি। এক্ষেত্রেও অনেকেই মুসলিম তত্ত্ব খাড়া করছেন! যদিও, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সাই সুদর্শন বাদ পড়ায় তাঁর জায়গায় টিম ইন্ডিয়ায় তিন নম্বরে যোগ্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সরফরাজ খানকে। তবে এই দৌড়ে এগিয়ে রয়েছেন দেবদূত পাড্ডিকাল।










